চাঁপাইনবাবগঞ্জ, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাহিনীতে শৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে বাংলাদেশ রাইফেলসের মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম জওয়ানদের উদ্দেশে বলেছেন, যারা বিদ্রোহে জড়িত ছিল, তাদের আইন অনুযায়ী বিচার হবে।
শুক্রবার চাঁপাইনবাবগঞ্জে ৩৯ রাইফেলস ব্যাটালিয়নের দরবার হলে তিনি এ কথা বলেন।
সীমান্তে বিডিআর সদস্যরা যথাযথভাবে দায়িত্ব পালন করছে বলে জানান তিনি।
মেজর জেনারেল মইনুল বলেন, "ব্যাটালিয়নের শৃঙ্খলা আগের মতো ফিরিয়ে আনতে হবে। নিজেদের অস্ত্রের দায়িত্ব নিজেদেরই নিতে হবে।"
বিদ্রোহীদের বিচারের বিষয়ে তিনি বলেন, "বিদ্রোহের সঙ্গে যারা জড়িত ছিল, আইনের মাধ্যমে তাদের বিচার করা হবে।"
বিডিআর মহাপরিচালক দোষীদের বিরুদ্ধে নির্ভয়ে সাক্ষ্য দেওয়ার জন্য জওয়ানদের প্রতি আহ্বান জানান।
গত ফেব্র"য়ারির মাসের শেষ দিকে পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহী একদল জওয়ানদের হাতে বাহিনী প্রধানসহ অর্ধ শতাধিক কর্মকর্তা নির্মমভাবে নিহত হন।
ওই ঘটনার পর বাহিনীর নাম পরিবর্তনসহ সীমান্তরক্ষী এই বাহিনীর পুনর্গঠনের প্রক্রিয়া চলছে। বিদ্রোহী অধিকাংশ জওয়ানকে গ্রেপ্তার করা হয়েছে।
বিডিআর মহাপরিচালক বলেন, "বিডিআর জওয়ানরা এখন সীমান্ত ফাঁড়িগুলোতে সঠিকভাবে দায়িত্ব পালন করছে। চোরাচালান রোধেও সক্রিয় ভূমিকা রাখছে তারা।"
দুই দিনের সফরে বিডিআর মহাপরিচালক বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ আসেন।
সফরের প্রথম দিন সোনা মসজিদ স্থল বন্দরের বিপরীতে ভারতের মহদীপুরে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মালদহ সেক্টরের কমান্ডার সিএস সিধুর সঙ্গে সীমান্ত পরিস্থিতি নিয়ে বৈঠক করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০৪৫ ঘ.
bdnews24