২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'বিদ্রোহের বিচার কাজ দ্রুত শেষ হলেই বিডিআর রাহুমুক্ত হবে'

বিদ্রোহের বিচার কাজ দ্রুত শেষ হলেই বাংলাদেশ রাইফেলস (বিডিআর) রাহুমুক্ত হবে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম। তিনি বলেন, বিডিআর বিদ্রোহের ঘটনাকে সারা বিশ্বের মানুষ নিন্দা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2009, 12:44 PM

Updated : 26 Aug 2022, 11:41 AM

রাজশাহী, জুলাই ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিদ্রোহের বিচার কাজ দ্রুত শেষ হলেই বাংলাদেশ রাইফেলস (বিডিআর) রাহুমুক্ত হবে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম। তিনি বলেন, বিডিআর বিদ্রোহের ঘটনাকে সারা বিশ্বের মানুষ নিন্দা জানিয়েছে। বৃহস্পতিবার সকালে রাজশাহীর শালবাগান এলাকায় ৩৭ রাইফেলস ব্যাটালিয়ন সদর দপ্তরে দরবার শেষে বিডিআর মহাপরিচালক সাংবাদিকদের বলেন, "বিডিআরের নাম ও পোশাক পরিবর্তন করলে বাহ্যিক পরিবর্তন হবে। কিন্তু আমরা চাই এর সংস্কৃতির পরিবর্তন।" জেনারেল মইনুল বলেন, "এই বিদ্রোহ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বিডিআরের ভূমিকাসহ বিভিন্ন গৌরবময় কর্মকাণ্ডে বাহিনীর অর্জিত সুনাম কলঙ্কিত করেছে। আমাদেরই এ কলঙ্ক থেকে উত্তরণের পথ খুঁজে বের করতে হবে।" এ সময় রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল জসীম উদ্দিন, ৩৭ রাইফেলস ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, বিডিআর মহাপরিচালক পরে সোনামসজিদ স্থল বন্দরের উল্টো দিকে ভারতের মালদহ জেলার মোহদীপুর বিএসএফ সেক্টর অধিনায়কের সঙ্গে বৈঠক করেন। পরে তিনি বাংলাদেশী ব্যবসায়ীদের সঙ্গেও আলোচনা করেন। ভারতের মোহদীপুর বিএসএফ ক্যাম্পে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল জসিম উদ্দীন ও চাঁপাইনবাবগঞ্জ ৩৯ রাইফেলস ব্যাটালিয়ন অধিনায়ক মেজর মতিউর রহমান মহাপরিচালকের সঙ্গে ছিলেন। ভারতের মালদহ সেক্টরের সেক্টর কমান্ডার ডিআইজি সিএস সিধুর নেতৃত্বে উর্দ্ধতন বিএসএফ কর্মকর্তারা বৈঠকে অংশ নেন। এতে সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। মোহদীপুরের আলোচনা শেষে বিডিআর মহাপরিচালকসহ উভয় বাহিনীর কর্মকর্তারা সোনামসজিদ স্থলবন্দরে সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সম্মেলনকক্ষে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন। বিডিআর মহাপরিচালক পরে সোনামসজিদ বিডিআর বিওপি পরিদর্শন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/টিআর/২৩৫৪ ঘ.