ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানা বিদ্রোহের ঘটনায় জড়িত পলাতক বিডিআর সদস্যদের ধরিয়ে দিতে পুরস্কারের অর্থ দ্বিগুণ করে এক লাখ টাকা করা হয়েছে।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুরস্কার বাড়ানোর এ ঘোষণা দিয়েছে।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শাহেনুর মিয়া শাহিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
পিলখানা বিদ্রোহের পর সর্বশেষ গত ১৯ মে বিডিআর কর্তৃপক্ষ জানায়, ২৫ জন বিডিআর সদস্য পলাতক আছে।
তবে পলাতক ২৫ জওয়ানের মধ্যে ৪৪ রাইফেলস ব্যাটালিয়নের সিপাহী মো. আব্দুস সামাদ কারাগারে রয়েছেন বলে গত ২৪ মে তার পরিবার দাবি করে।
শাহেনুর মিয়া বলেন, "যেসব বিডিআর সদস্য এখনও পলাতক রয়েছে তাদেরকে নিকটস্থ থানা অথবা আইন প্রয়োগকারী সংস্থার কাছে ধরিয়ে দিতে এখন তথ্য প্রদানকারীকে ১ লাখ টাকা নগদ অর্থ প্রদান করা হবে। তথ্য প্রদানকারীর নাম ও পরিচয় গোপন রাখা হবে।"
এর আগে গত ৭ এপ্রিল এ ধরনের তথ্য প্রদানকারীদের জন্য ৫০ হাজার টাকা নগদ অর্থ পুরস্কারের ঘোষণা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার পুরস্কারের এ অর্থ বাড়িয়ে দ্বিগুণ করা হল।
গত ২৫ ও ২৬ ফেব্র"য়ারি বিডিআর বিদ্রোহের ঘটনার পর ২৮ ফেব্র"য়ারি সহস্রাধিক বিডিআর সদস্যকে অভিযুক্ত করে রাজধানীর লালবাগ থানায় একটি মামলা হয়। সদর দপ্তরে বিদ্রোহের পরদিন দেশের কয়েকটি সেক্টর ও ব্যাটালিয়ন সদর দপ্তরে বিদ্রোহের ঘটনা ঘটে।
পরবর্তীতে এ ঘটনায় জড়িত পলাতক বিডিআর সদস্যদের গ্রেপ্তার করতে সশস্ত্র বাহিনীর সদস্যদের নিয়ে 'অপরারেশন রেবেল হান্ট' শুরু হয়।
পলাতকদের তালিকা দেশের বিভিন্ন থানা, বিমানবন্দর ও সীমান্ত ফাঁড়িগুলোতে ইতোমধ্যে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৮৩০ ঘ.
bdnews24