পঞ্চগড়, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিডিআর বিদ্রোহের মামলায় পঞ্চগড় ২৫ রাইফেলস ব্যাটালিয়নের ২২ সদস্যের জামিন নামঞ্জুর করেছে আদালত।
বৃহস্পতিবার সকালে ভারপ্রাপ্ত মুখ্য বিচার বিভাগীয় হাকিম মিজানুর রহমান আসামিদের জামিন নামঞ্জুর করে ২৬ জুন পরবর্তী শুনানির দিন ধার্য করেন।
সকাল ১০টায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বিডিআর সদস্যদের জেলা কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট রফিক উদ্দিন আহমেদ, তফেলুল আলম প্রধান ও আজিজার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালতে হাজির করার পর তাদের জামিনের আবেদন করা হয়।
জামিনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) আমিনুর রহমান আদালতকে বলেন, মামলাটি অধিকতর তদন্তের প্রয়োজনীয়তা রয়েছে।
২৫ ফেব্র"য়ারি রাজধানীর বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের পরদিন সারাদেশে বিভিন্ন সেক্টর ও ব্যাটালিয়নের মত পঞ্চগড় ২৫ রাইফেলস ব্যাটালিয়নেও বিদ্রোহের ঘটনা ঘটে।
এ ঘটনায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জমিরউদ্দিন গত ১১ মে পঞ্চগড়ের মুখ্য বিচার বিভাগীয় হাকিমের আদালতে ডিএডি নাজমুলসহ ২২ বিডিআর সদস্যের বিরুদ্ধে মামলা করেন। পরে তাদের গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএম/এমএসবি/১৬০৫ ঘ.
bdnews24