ঢাকা, ২৪ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---পিলখানা ঘটনার পর বিডিআর সদস্যদের 'আত্মহত্যাসহ' অস্বাভাবিক মৃত্যুর ঘটনা উদঘাটনে বিশেষজ্ঞ চিকিৎসক চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এ সংক্রান্ত গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব (পুলিশ) মো. জাকির হোসেন বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবের কাছে এ চিঠি দিয়েছেন।
রোববার মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তদন্ত কাজ যথাযথভাবে করতে চিকিৎসকের প্রয়োজন রয়েছে বলে মনে করে কমিটি। এজন্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন কমিটির আহ্বায়ক।"
এর আগে ১৪ মে এক প্রজ্ঞাপনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই উপ-সচিবকে আহ্বায়ক করে পুলিশ সদর দপ্তর ও বিডিআর-এর একজন প্রতিনিধি নিয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়।
১৫ কর্মদিবসের মধ্যে এই কমিটির তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে।
২৫ ও ২৬ ফেব্র"য়ারি বিডিআর সদর দপ্তরে ঘটনার পর পিলখানা এবং ঢাকার বাইরে প্রায় ২০ বিডিআর সদস্যদের আত্মহত্যাসহ অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব সৈয়দ মুস্তাফীজুর রহমান স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে বলা হয়, তদন্ত কমিটি বিদ্রোহের পর থেকে এ পর্যন্ত মৃত বিডিআর সদস্যের সংখ্যা, নাম, পদবী ও ঠিকানা সম্বলিত তালিকা প্রকাশ, মৃত্যুর কারণ, অস্বাভাবিক মৃত্যু রোধে করণীয় সম্পর্কে সুপারিশ ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে সুপারিশ করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসকে/২৩৫৬ঘ.
bdnews24