২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'সিপাহী সামাদ কারাগারে, সরকার বলছে পলাতক'

সরকার বিডিআরের যে ২৫ জনকে 'পলাতক' ঘোষণা করেছে, তাদের মধ্যে ৪৪ রাইফেলস ব্যাটালিয়নের সিপাহী মো. আব্দুস সামাদ কারাগারে রয়েছেন বলে দাবি করছে তার পরিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2009, 12:41 PM

Updated : 26 Aug 2022, 11:30 AM

ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার বিডিআরের যে ২৫ জনকে 'পলাতক' ঘোষণা করেছে, তাদের মধ্যে ৪৪ রাইফেলস ব্যাটালিয়নের সিপাহী মো. আব্দুস সামাদ কারাগারে রয়েছেন বলে দাবি করছে তার পরিবার। সামাদের ভাই মো. আজিজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমার ভাইকে ২৭ ফেব্র"য়ারি পিলখানায় তার রুম থেকে আটক করা হয়েছিল। এরপর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। কারাগারে তার সঙ্গে কয়েকবার দেখা করেছি। কিন্তু সরকার এখন বলছে সামাদ পলাতক।" এ প্রসঙ্গে রোববার বিকেলে বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলামের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানানো হয়, "তিনি মিটিংয়ে আছেন।" সরকার গত ১৯ মে ২৫ জন বিডিআর সদস্যকে 'পলাতক' ঘোষণা করে তাদেরকে গ্রেপ্তারে সবার সহযোগিতা চায়। 'পলাতকদের' তালিকা দেশের বিভিন্ন থানা, বিমানবন্দর ও সীমান্ত ফাঁড়িগুলোতেও পাঠানো হয়। ছবিসহ প্রকাশিত ওই তালিকায় আব্দুস সামাদের নাম ছিল ১৯ নম্বরে। কারাগারে ভাইয়ের সঙ্গে দেখা করার প্রমাণ হিসেবে তিনটি অনুমতিপত্র দেখিয়ে আজিজুল হক বলেন, "আমার ভাইকে গ্রেপ্তার করার পর গত ৩ মার্চ তার সঙ্গে প্রথম সাক্ষাত করি। এরপর তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়। ওই কারাগারে গিয়ে গত ১১ মার্চ, ৩ এপ্রিল, ২৬ এপ্রিল এবং ১১ মে চার দফায় আমি তার সঙ্গে সাক্ষাত করি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আজিজুল হকের সরবরাহ করা তিনটি অনুমতিপত্রের ফটোকপিতে দেখা গেছে, ২৬ এপ্রিল ১৮৩১ নম্বর এবং ১১ মে ৪৭৭৩ নম্বর স্লিপে কাশিমপুর কারাগারে গিয়ে তিনি তার ভাই আব্দুস সামাদের সঙ্গে দেখা করেছেন। আজিজুল হক জানান, রোববার কেন্দ্রীয় কারাগারে ভাইয়ের সঙ্গে দেখা করার জন্য অনুমতিপত্র নিলেও দেখা করতে পারেননি তিনি। আজিজুল বলেন, সর্বশেষ গত ২৩ মে তাকে ঢাকা সিএমএম আদালতের মাধ্যমে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।" ২৫ ও ২৬ ফেব্র"য়ারি বিডিআর বিদ্রোহের ঘটনার পর ২৮ ফেব্র"য়ারি সহস্রাধিক বিডিআর সদস্যকে অভিযুক্ত করে রাজধানীর লালবাগ থানায় একটি মামলা করা হয়। পরবর্তীতে এ ঘটনায় জড়িত পলাতক বিডিআর সদস্যদের গ্রেপ্তার করতে সশস্ত্র বাহিনীর সদস্যদের নিয়ে 'অপরারেশন রেবেল হান্ট' শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসকে/১৮৪৬ঘ.