দিনাজপুর, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পিলখানায় বিডিআর বিদ্রোহের সময় সীমান্তে কর্মরত জওয়ানরা অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন বলে মন্তব্য করেন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মো. মইনুল ইসলাম।
শনিবার সকালে বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) দিনাজপুর সেক্টর হেড কোয়ার্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
বিডিআর মহাপরিচালক বলেন, "বিডিআর বিদ্রোহের সময় সীমান্তের বিওপিতে কর্মরত জওয়ানরা কোনো বিদ্রোহে অংশ না নিয়ে সীমান্ত রক্ষায় তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে গেছেন। এসব নিষ্ঠাবান ও দেশপ্রেমিক জওয়ানদের ওপর ভিত্তি করেই বিডিআর আজও দাঁড়িয়ে আছে।"
তিনি সীমান্ত ফাঁড়ির (বিওপি) এসব জওয়ানদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
বিডিআর প্রধান বলেন, ২৫ ফেব্র"য়ারি ঢাকার পিলখানায় বিদ্রোহের পর বিভিন্ন সেক্টর ও ব্যাটালিয়নে যেসব জওয়ান বিদ্রোহে অংশ নিয়েছিল শুধু তাদেরই সনাক্ত করে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়েছে।
বিডিআর পুনর্গঠনের ব্যাপারে জেনারেল মইনুল বলেন, এ লক্ষ্যেই তিনি বাংলাদেশের বিভিন্ন সেক্টর, ব্যাটালিয়ন ও সীমান্তের বিওপিগুলো পরিদর্শন করছেন।
তিনি বলেন, "যত দ্রুত সম্ভব আমরা বিডিআরকে পূর্বাবস্থায় ফিরিয়ে নিয়ে যাব এবং তা হলেই মঙ্গলজনক হবে। কারণ বিডিআর দুর্বল থাকলে চোরাকারবারী ও দেশের শত্র"রা সুযোগ নেবে।"
এরপর তিনি সেখানে জওয়ানদের এক দরবারে অংশ নেন।
দরবার শেষে বিডিআর মহাপরিচালক দিনাজপুর ২ রাইফেলস ব্যাটালিয়ন, ফুলবাড়ী ৪০ রাইফেলস ব্যাটলিয়ন এবং হিলি স্থলবন্দর পরিদর্শন করেন।
এ সময় তিনি সীমান্তে কর্মরত বিডিআর জওয়ান এবং হিলির কাস্টমস কর্মকর্তা-কর্মচারী ও সিএন্ডএফ ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলেন।
দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল সালেহ আহাম্মাদ, রংপৃুর সেক্টর কমান্ডার কর্নেল খাইরুজ্জামানসহ সংশ্লিষ্ঠ ব্যাটালিয়ন কমান্ডাররা এ সময় তার সঙ্গে ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/ডিডি/১৯৩৩ ঘ.
bdnews24