ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানা বিদ্রোহ মামলার প্রধান আসামি বিডিআরের ডিএডি তৌহিদুল আলমকে বৃহস্পতিবার আরেক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের আইনী হেফাজতে নেওয়া হয়েছে।
গত ১১ মার্চ সবুজবাগ থানায় দায়ের করা একটি অস্ত্র মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ওই থানার উপ পরিদর্শক এবং মামলাটির তদন্ত কর্মকর্তা খান মো. এরফান ১০ দিনের রিমান্ডের আবেদন জানান।
শুনানি শেষে মহানগর হাকিম দিলারা আলো চন্দনা রিমান্ডে থাকাকালে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বৃহস্পতিবার দুপুরে পিলখানা মামলায় তিন দিনের রিমান্ড শেষে ডিএডি তৌহিদকে ঢাকার মুখ্য মহানগর আদালতে হাজির করা হয়। তাকে হেলমেট পরিয়ে এজলাসে তোলা হয়।
রিমান্ড আবেদনে উপ পরিদর্শক এরফান বলেন, রাজধানীর সবুজবাগ এলাকার একটি জনৈক কল্যাণ মিত্র ভিক্ষুর কক্ষ থেকে গত ১০ মে একটি পিস্তল, ৪টি ম্যাগাজিন এবং ৩২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে এই অস্ত্র মামলাটি দায়ের করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এসকে/২০০৬ঘ.
bdnews24