ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানা বিদ্রোহের পর থেকে এখনও পলাতক ২৫ বিডিআর সদস্যকে গ্রেপ্তারে সবার সহযোগিতা চেয়েছে বিডিআর কর্তৃপক্ষ।
মঙ্গলবার এদের নামের তালিকাও প্রকাশ করা হয়েছে।
বিডিআর'র জনসংযোগ কর্মর্কর্তা মো. নুরুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "১৭ মে পর্যন্ত পলাতক বিডিআর সদস্যের সংখ্যা ২৫। এর আগে পলাতকদের সংখ্যা বেশি থাকলেও তারা বিভিন্ন স্থানে গ্রেপ্তার অথবা স্বেচ্ছায় আত্মসমর্পণ করে।"
পলাতকদের তালিকা দেশের বিভিন্ন থানা, বিমানবন্দর ও সীমান্ত ফাঁড়িগুলোতে পাঠানো হয়েছে বলেও নুরুল হুদা জানান।
২৫ ও ২৬ ফেব্র"য়ারি বিডিআর বিদ্রোহের ঘটনার পর ২৮ ফেব্র"য়ারি সহস্রাধিক বিডিআর সদস্যকে অভিযুক্ত করে রাজধানীর লালবাগ থানায় একটি মামলা করা হয়।
পরবর্তীতে এ ঘটনায় জড়িত পলাতক বিডিআর সদস্যদের গ্রেপ্তার করতে সশস্ত্র বাহিনীর সদস্যদের নিয়ে 'অপরারেশন রেবেল হান্ট' শুরু হয়।
সদর দপ্তরে বিদ্রোহের পরদিন দেশের বিভিন্ন সেক্টর ও ব্যাটালিয়ন সদর দপ্তরে বিদ্রোহের ঘটনা ঘটে।
এ ঘটনায় করা মামলায় সোমবার পর্যন্ত রাজধানীর বাইরে থেকে দেড় হাজারের বেশি বিডিআর সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এফএফ/এমআই/জিএনএ/১৪৩৩ ঘ.
bdnews24