ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিডিআর বিদ্রোহের ঘটনায় করা মামলায় রাজশাহী, খাগড়াছড়ি, কক্সবাজার, সুনামগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, জামালপুর, নওগাঁ, মৌলভীবাজার, নেত্রকোনা ও ময়মনসিংহ থেকে সোমবার ৫৯২ বিডিআর সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে রাজধানীর বাইরে থেকে দেড় হাজারের বেশি বিডিআর সদস্যকে গ্রেপ্তার করা হল।
সোমবার রাজশাহী থেকে ৯৩, খাগড়াছড়ি থেকে ৭৮, কক্সবাজার থেকে ১০৬, সুনামগঞ্জ থেকে ২৩, চাঁপাইনবাবগঞ্জ থেকে ৩০, জামালপুর থেকে ৪৪, নওগাঁ থেকে ৫৪, মৌলভীবাজার থেকে ৪৩, ময়মনসিংহ থেকে ৪৯ এবং নেত্রকোনা থেকে ৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
গত বুধবার ও বৃহস্পতিবার চট্টগ্রাম, ফেনী, যশোর, কুষ্টিয়া, খুলনা, খাগড়াছড়ি, সাতক্ষীরা, বান্দরবান, ব্রাহ্মণবাড়িয়া ও চুয়াডাঙ্গা থেকে আরও ৫৩৭ বিডিআর সদস্যকে গ্রেপ্তার করা হয়।
এর আগে বৃহত্তর রংপুর, দিনাজপুর, রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজারের বিভিন্ন সেক্টর ও ব্যাটেলিয়ন থেকে গ্রেপ্তার করা হয় প্রায় সাড়ে চারশ' বিডিআর সদস্যকে।
২৫ ফেব্র"য়ারি রাজধানীর বিডিআর সদর দপ্তরে বিডিআর জওয়ানদের বিদ্রোহ ও সেনা কর্মকর্তা হত্যাকাণ্ডের পরদিন দেশের বিভিন্ন সেক্টর ও ব্যাটালিয়ন সদর দপ্তরে বিদ্রোহের ঘটনা ঘটে।
বিডিআর সদর দপ্তরে বিদ্রোহ ও সেনা কর্মকর্তা হত্যাকাণ্ডের ঘটনায় ২৮ ফেব্র"য়ারি সহস্রাধিক বিডিআর সদস্যকে অভিযুক্ত করে রাজধানীর লালবাগ থানায় একটি মামলা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:
রাজশাহী: রাজশাহীর ৩৭ রাইফেলস ব্যাটালিয়ন থেকে ৬৫ এবং সেক্টর সদর দপ্তর থেকে ২৮ বিডিআর সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
বোয়ালিয়া থানার সহকারী কমিশনার (এসি) হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাষ্ট্রদ্রোহের অভিযোগে বলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী মামলাটি দায়ের করেন। এ মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।"
আটককৃতদের মুখ্য মহানগর হাকিম আদালতে আনা হয়েছে।
আদালত পাড়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও তিনি জানান।
খাগড়াছড়ি: খাগড়াছড়ির সেক্টর সদর দপ্তর থেকে ২৭ জন এবং পানছড়ি উপজেলার ৩০ রাইফেলস ব্যাটালিয়ন থেকে ৫১ জন বিডিআর সদস্যকে গ্রেপ্তার করা হয়।
এর আগে বৃহস্পতিবার খাগড়াছড়ি থেকে ১০২ বিডিআর সদস্য গ্রেপ্তার করে পুলিশ।
সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. মাকছুদ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আটককৃতদের মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে আনা হলে বিচারক মো. আবুল বাশার মুন্সী তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বাদির পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট অং সুই চ্ইু মারমা।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাজী শাহাবুদ্দিন আহমেদ রোববার খাগড়াছড়ির সেক্টর সদর দপ্তরের ২৭ জন এবং পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. সালেহ ৩০ রাইফেলস ব্যাটালিয়নের ডিএডি মো. আব্দুল খালেক ফকির, ল্যান্স নায়ক মো. জাহাঙ্গীর হোসেনসহ ৫১ জনের বিরুদ্ধে মামলা দুটি দায়ের করেন।
কক্সবাজার: টেকনাফের ৪২ রাইফেলস ব্যাটালিয়ন থেকে ১০৬ জন বিডিআর সদস্য এবং এক বেসামরিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে সেনাবাহিনীর উপস্থিতিতে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
রাষ্ট্রদ্রোহের অভিযোগে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামালউদ্দিন চৌধুরী রোববার টেকনাফ উপজেলা আদালতে এই ১০৭ জনের বিরুদ্ধে মামলা করেন।
একইদিন আদালত তাদের গ্রেপ্তারি পরোয়ানার নির্দেশ দেন।
ওসি জামালউদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আটককৃতদের মধ্যে একজন সুবেদার মেজর ও দুইজন সুবেদার রয়েছেন।
তিনি জানান, গ্রেপ্তারের বিষয়ে টেকনাফ বিচার বিভাগীয় হাকিম আদালতকে সোমবারই অবহিত করে তাদেরকে কক্সবাজার জেলা কারাগারে নিয়ে যাওয়া হবে।
গ্রেপ্তারকৃত বেসামরিক ব্যক্তিটি ৪২ রাইফেলস ব্যাটালিয়নে পিয়নের কাজ করতেন। তার পদবি এমএলএসএস।
এর আগে বুধবার কক্সবাজার থেকে ১০২ বিডিআর সদস্যকে গ্রেপ্তার করা হয়।
জামালপুর: জামালপুরের ৬ রাইফেলস ব্যাটালিয়ন থেকে সকাল আটটায় ৪৪ বিডিআর সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, আটককৃতদের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির করা হলে বিচারক ফজলে খোদা মো. নাজিল তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রাষ্ট্রদ্রোহের অভিযোগে আব্দুল মতিন রোববার বিকেলে মামলাটি দায়ের করেন।
সুনামগঞ্জ: সুনামগঞ্জের ৮ রাইফেলস ব্যাটালিয়ানের ২৩ বিডিআর জওয়ানকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিলেট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান শনিবার সিলেটের বিচার বিভাগীয় হাকিম আদালতে রাষ্ট্রদ্রোহের অভিযোগে এই ২৩ জওয়ানের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। এ মামলায় এদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
আটককৃতদের সুনামগঞ্জ অতিরিক্ত বিচার বিভাগীয় হাকিম হাসানুল ইসলামের আদালতে হাজির করা হলে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের ৩৯ রাইফেলস ব্যাটালিয়নের ৩০ জন বিডিআর সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাব।
গ্রেফতারকৃতদের মধ্যে একজন সুবেদার, তিনজন হাবিলদার, চারজন নায়েক, পাঁচজন ল্যান্স নায়েক, একজন পাচক ও ১৬ জন সিপাহী রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এনামুল হক জানান, বিডিআর বিদ্রোহের ঘটনায় জড়িত থাকার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক সকালে মামলাটি দায়ের করেন।
আটককৃতদের সকাল ১১টার দিকে মুখ্য বিচার বিভাগীয় হাকিম বাসুদেব রায়ের আদালতে হাজির করা হলে আদালত তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয়।
নওগাঁ: সকাল ১০টার দিকে র্যাবের সহযোগিতায় সদর থানা পুলিশ নওগাঁর ৪৩ রাইফেলস ব্যাটালিয়ন থেকে ৩৩ জন এবং ৩৬ রাইফেলস ব্যাটালিয়নের ডিএডি তৌহিদসহ ২১ জন বিডিআর জওয়ানকে গ্রেপ্তার করেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত বিডিআর জওয়ানদের কারাগারে পাঠানো হয়েছে।
রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে আমিনুল ইসলাম বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। এ মামলায় ৫৪ জন বিডিআর সদস্যকে আটক করা হয়েছে।
ময়মনসিংহ: ময়মনসিংহের ৪৫ রাইফেলস ব্যাটালিয়ানের পাঁচ সোবেদারসহ ৪৯ বিডিআর সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
অতিরিক্ত পুলিশ সুপার এসএম আক্তরুজ্জামান জানান, রোববার কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম এ বিডিআর সদস্যদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে এশটি মামলা করেন। আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
তিনি জানান, গ্রেপ্তারকৃতদের ময়মনসিংহ জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচার বিভাগীয় হাকিম ফেরদৌস ওয়াহিদ।
মৌলভীবাজার: জেলার শ্রীমঙ্গলে ১৪ রাইফেলস ব্যাটেলিয়ন সদর দপ্তর থেকে দুপুরে ৪৩ বিডিআর সদস্যকে পুলিশ গ্রেপ্তার করেছে।
শ্রীমঙ্গল ১৪ রাইফেলস ব্যাটেলিয়নের অধিনায়ক মেজর ফিদা এ নুর জানান, এদের মধ্যে উপ সহকারী পরিচালক (ডিএডি) শেখ মুজিবুর রহমান, নায়েব সুবেদার সিরাজুল ইসলাম, চারজন হাবিলদার, সাতজন নায়েক, চারজন ল্যান্স নায়েক, ২২ জন সিপাহী, একজন পাচক, একজন কার্পেন্টার, একজন বুট মেকার, একজন প্লাম্বার মেকানিক রয়েছেন।
গ্রেপ্তারের পর তাদের মৌলভীবাজার মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে নেওয়া হয়। হাকিম মাহবুব মুর্শেদের তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল মনোয়ার জানান, বিডিআর বিদ্রোহের পরদিন ১৪ রাইফেলস ব্যাটেলিয়নের জওয়ানরাও কমান্ড অমান্য করে অস্ত্র হাতে তুলে নেয়। তারা ফাঁকা গুলিবর্ষণ করে এলাকায় আতংকের সৃষ্টি করে।
এ ঘটনায় রোববার থানার উপ-পরিদর্শক মজিবুর রহমান মৌলভীবাজারের মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে একটি মামলা করেন।
নেত্রকোনা: নেত্রকোনার ১৬ রাইফেল্স ব্যাটালিয়নের পারলা ক্যাম্প থেকে বিদ্রোহের ৭২ বিডিআর সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
নেত্রকোনা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের জানান, অস্ত্রাগার লুট ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে রোববার তিনি মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে ডিএডি লুৎফর রহমানসহ ৭২ বিডিআর সদস্যের বিরুদ্ধে মামলা করেন। আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
তিনি জানান, সকালে গ্রেপ্তারের পর ৭২ বিডিআর সদস্যকে অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির করা হয়। হাকিম আতোয়ার রহমান শুনানি শেষে তাদের নেত্রকোনা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এফএফ/জিএনএ/এমএসবি/১৯০৩ ঘ.
bdnews24