ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর পুনর্গঠনের বিষয়ে গঠিত কমিটির প্রতিবেদন মঙ্গলবার জমা দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী ফারুক খান।
সোমবার সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, "আগামীকাল (মঙ্গলবার) একটি আনুষ্ঠানিক বৈঠকের মাধ্যমে কমিটি আমার কাছে বিডিআর পুনর্গঠনের বিষয়ে প্রতিবেদন জমা দেবে। আমরা আলোচনা পর্যালোচনা করে প্রতিবেদনটি সরকারের কাছে জমা দেব।"
২৫ ও ২৬ ফেব্র"য়ারি বিদ্রোহের ঘটনার পর নতুর মহাপরিচালকের নেতৃত্বে বিডিআর পুনর্গঠনের বিষয়ে একটি কমিটি গঠন করা হয়। আর বিডিআর বিদ্রোহের ঘটনার পর গঠিত বিভিন্ন কমিটির সমন্বয়ক কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন বাণিজ্য মন্ত্রী।
বাণিজ্য মন্ত্রী বলেন, "বিডিআর পুনর্গঠনের কাজ এগিয়ে যাচ্ছে। তারা (বিডিআর) তাদের বাহিনী কেমন হবে, নতুন নাম কি হবে, পোশাক কেমন হবে- এরকম বেশ কিছু বিষয় নিয়ে কাজ করছে।"
পুনর্গঠনের মাধ্যমে বিডিআরকে আরো আধুনিকায়ন করা হবে বলেও জানান তিনি।
বিডিআর বিদ্রোহের ঘটনায় জঙ্গিদের সম্পৃক্ততা রয়েছে কিনা জানতে চাইলে ফারুক খান বলেন, "সরকারের করা তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়া গেলেই কি কি ঘটেছিল তা উৎঘাটিত হবে।"
এর আগে ফারুক খান একাধিকবার এ বিদ্রোহের ঘটনায় জঙ্গি ও বিভিন্ন 'মহলের' সংশ্লিষ্টতার কথা বলেছেন।
বিডিআর 'বিদ্রোহের' ঘটনায় সেনাবাহিনীর তদন্ত রিপোর্ট নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে অনুমাননির্ভর বলে দাবি করেন বানিজ্য মন্ত্রী।
এর আগে আয়ুর্বেদিক ওষুধ শিল্প সমিতির নেতাদের সঙ্গে এক বৈঠক করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এফএফ/এমএ/জিএনএ/১৫৪৫ ঘ.
bdnews24