ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানার ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের দ্রুত বিচার দাবি করেছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
বৃহস্পতিবার সকালে রাজধানীতে মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি জানান।
পিলখানার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবিতে রাজধানীসহ জেলা-উপজেলা সদরে সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকাল ১১ টায় অসুস্থ অবস্থায় দেলোয়ার হোসেন জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।
নেতা-কর্মীদের নিয়ে রাস্তায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সাংবাদিকদের তিনি বলেন, ''সরকারের কার্যক্রমে জনগন অতিষ্ঠ হয়ে পড়েছে। মানুষের কোনো সমস্যার সমাধান তারা দিতে পারছে না। পিলখানার ঘটনার আমরা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত চেয়েছি। প্রকৃত অপরাধীদের তারা আড়াল করতে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চালাচ্ছে।''
সাংবাদিকদের সঙ্গে কথা বলার এক পর্যায়ে সোয়া ১১টার দিকে বিএনপি মহাসচিব অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে বারডেম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়।
এর আগে একই স্থানে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ''পিলখানার ঘটনার তদন্ত প্রতিবেদনের দ্রুত প্রকাশ চাই। ঘটনার সঙ্গে কারা জড়িত দেশের মানুষ তা জানতে চায়।''
তিনি আরও বলেন, ''বিদ্যুৎ-পানি-গ্যাস সংকটে দেশের মানুষ অতিষ্ঠ। কৃষক ধানের ন্যায্য মূল্য পাচ্ছে না। আইন শৃঙ্খলা পরিস্থিতিতে জনগন আজ উদ্বিগ্ন। এসব সংকট থেকে মুক্তি পেতে বিএনপি মাসব্যাপী কর্মসূচি পালন করছে।''
এসময় আরো উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহছানুল হক মিলন, সাংসদ বরকত উল্লাহ বুলু, প্রচার সম্পাদক ফজলুর রহমান পটল, তথ্য ও গবেষণা সম্পাদক রেজাবুৃদ্দৌলা চৌধুরী, শফি বিক্রমপুরী, সাবেক ছাত্র নেতা মোস্তাফিজুর রহমান বাবুল, মহিউদ্দিন খান মোহন প্রমুখ উপস্থিত ছিলেন।
রাজধানীতে যাত্রাবাড়ী থেকে গাবতলী পর্যন্ত ১৯টি স্পটে হাজার হাজার নেতা-কর্মী এ কর্মসূচিতে স্বতর্স্ফুতভাবে অংশ নেয়। মানববন্ধন কর্মসূচিতে দলীয় কর্মীরা বিভিন্ন প্ল্যাকার্ড, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার প্রতিকৃতি বহন করে।
হাইকোর্টের সামনে স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারসহ সুপ্রিম কোর্টের আইনজীবীরা, ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মোড়ে স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গনি, বায়তুল মোকাররমের উত্তর গেইটের কাছে দলের সহ সভাপতি এম কে আনোয়ার, শ্যামলীতে দলের সহ সভাপতি অধ্যাপিকা সারোয়ারী রহমান, গাবতলীতে সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরী, এস এ খালেক, বাংলা মোটর মোড়ে যুগ্মমহাসচিব সেলিমা রহমান, যুব দলের সাধারণ সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, দৈনিক বাংলার মোড়ে যুগ্ম মহাসচিব মির্জা আব্বাস, সাবেক ছাত্র নেতা হাবিবুর রহমান হাবিব, হাটখোলা মোড়ে যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল্লাহ চৌধুরী, শেখ আতাউর রহমান, দ্বীন মোহাম্মদ, বেলাল আহমেদ, মতিঝিলের শাপলা চত্বরে ঢাকা সিটি মেয়র সাদেক হোসেন খোকা, কেন্দ্রীয় নেতা সিরাজুল ইসলাম সেলিম, আবদুস সালাম, আবুল কাশেম চৌধুরী, মানিক মিয়া এভিনিউতে দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, মীরপুরের টেকনিক্যাল মোড়ে কেন্দ্রীয় নেতা কাজী আসাদুজ্জামান, শামসুজ্জামান দুদু, যাত্রাবাড়ী মোড়ে সাবেক সাংসদ সালাহউদ্দিন আহমেদ, শাহবাগ মোড়ে সাবেক প্রতিমন্ত্রী আমান উল্লাহ আমান, ফজলুল হক মিলন, কল্যাণপুর মোড়ে দলের কবির মুরাদ, অধ্যক্ষ সোহরাবউদ্দিনের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।
বিকালে দলের এক বিবৃতিতে মহাসচিব খোন্দকার দেলোয়ার মানববন্ধন কর্মসূচি সফল করার জন্য নেতা-কর্মীদের অভিনন্দন জানান।
বিএনপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। আগামী ১৯ মে সারাদেশের মহানগর ও জেলা-উপজেলা সদরে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি রয়েছে তাদের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসএম/এফএফ/জিএনএ/১৩৪৬ ঘ.
bdnews24