ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানা হত্যাযজ্ঞের মামলায় এই প্রথম একজন গ্রেপ্তার হওয়া বিডিআর সদস্যের জামিন চাওয়া হয়েছে জজ আদালতে।
ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত থেকে জামিন নামঞ্জুরের আদেশের বিরুদ্ধে সোমবার সিপাহী আবদুল্লাহ আল মামুন (পরিচিতি নম্বর-৮৭৬৯৮) ঢাকার মহানগর দায়রা জজ আদালতে যান।
এ আদালতে তার পক্ষে আবারও জামিন চাওয়া হলে বিচারক এ এন এম বশির উল্লাহ আগামী ১৮ মে জামিন আবেদন শুনানির জন্য দিন রেখেছেন।
মামুনের আইনজীবী এমদাদুল হক লাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামুন ঘটনার সাথে জড়িত না থাকলেও র্যাব তাকে গত ১২ মার্চ আটক করে ছয়দিন পর আদালতে হাজির করে।
সরকারের আহ্বানে মামুন ১ মার্চ কাজে যোগ দেন। ১৮ মার্চ তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের আইনী হেফাজতে নেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/১৮৫৪ঘ.
bdnews24