ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিডিআরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পিলখানা বিদ্রোহের বিচার হতে হবে বলে মন্তব্য করেছেন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম। সোমবার সকালে যশোরের ২২ রাইফেলস ব্যাটালিয়ন সদর দপ্তরে জওয়ানদের উদ্দেশে একথা বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের যশোর প্রতিনিধি জানান, রোববার বিকেলে তিনি যশোর পৌঁছান এবং সেনানিবাসে অবস্থান করেন।
সকাল সাড়ে আটটায় ব্যাটালিয়ন সদর দপ্তরে পৌঁছান তিনি।
মইনুল হোসেন বলেন, "পিলখানা বিদ্রোহের আড়ালে মানব সভ্যতার ইতিহাসে যে জঘন্যতম হত্যাযজ্ঞ সংঘঠিত হয়েছে, বিডিআরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে তার বিচার হতে হবে। এ ঘটনার পর আমাদের মধ্যে যে অনাস্থার সৃষ্টি হয়েছে তার অবসান ঘটাতে হবে।"
দেশের সীমান্ত সুরক্ষিত রয়েছে জানিয়ে বিডিআর মহাপরিচালক বলেন, "সব কিছু স্বাভাবিকভাবে চলছে। আপনারা সরকারি সব সুযোগ সুবিধা ভোগ করছেন। সীমান্তে পাহারাও দিচ্ছেন। কিন্তু তার পরও যে অপরাধ সংঘঠিত হয়েছে বাহিনীর শৃঙ্খলার স্বার্থে তার বিচার হতে হবে।"
এ সময় বিডিআরের খুলনা সেক্টর কমান্ডার কর্নেল জাহেদুল আলম, ২২ রাইফেল ব্যাটালিয়নের সিও লে. কর্নেল হাসিব আলমসহ ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খুলনা প্রতিনিধি জানান, সকাল সোয়া ১১টায় বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম খুলনা সেক্টর সদর দপ্তরে পৌঁছান। এ সময় তিনি সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
বিডিআর মহাপরিচালক বলেন, "বিডিআর পুনর্গঠনের কাজ একটি প্যাকেজের মাধ্যমে করা হবে। যত দ্রুত সম্ভব এ কাজটি করা হবে। তবে এ ব্যাপারে কোন টাইম ফ্রেম আপাতত বলা সম্ভব হচ্ছে না।"
তিনি জানান, বিডিআর এর নাম ও পোশাক পরিবর্তন নিয়ে মতামত জরিপের কাজ চলছে। চলতি সপ্তাহে জরিপের কাজ শেষ হতে পারে। তারপর শুরু হবে পুনর্গঠনের মূল কাজ।
পিলখানা হত্যাকাণ্ডের বিচার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেজর জেনারেল মইনুল বলেন, "প্রকৃত অপরাধীর শাস্তি নিশ্চিত করতে এবং নিরাপরাধ কেউ যেন সাজা না পায় সে জন্য সঠিক তথ্য সংগ্রহ করা হচ্ছে।"
পরে তিনি সেক্টর সদর দপ্তরের মাঠে আয়োজিত দরবারে যোগ দেন। দরবারে বিভিন্ন পর্যায়ের ৪৪৫ জন বিডিআর সদস্য অংশ নেন।
দরবারে মহাপরিচালক ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহে ঘটে যাওয়া নৃশংস হত্যাকাণ্ড এবং বিদ্রোহের রেশ ধরে দেশের বিভিন্ন স্থানে যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সে বিষয়ে আলোকপাত করেন।
এ সময় মহাপরিচালকের সঙ্গে দরবার মঞ্চে উপস্থিত ছিলেন খুলনা বিডিআর এর সেক্টর কমান্ডার কর্নেল জাহেদুর রহমান। দরবারে প্রতিবেদন পেশ করেন অধিনায়ক লে. কর্নেল মোয়াজ্জেম হোসেন।
মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম খুলনা দরবার শেষে বেনাপোল বিডিআর দপ্তরে যান।
বেনাপোল প্রতিনিধি জানান, দুপুর ১টার দিকে বিডিআর মহাপরিচালক বিডিআর দপ্তর পরিদর্শন এবং জওয়ানদের সঙ্গে মতবিনিময় করেন।
দুপুর ২টার দিকে তিনি আন্তর্জাতিক চেকপোস্ট পরিদর্শনে যান। সেখানে তিনি ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনী- বিএসএফ'র কয়েকজন কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন- খুলনা সেক্টর কমান্ডার কর্নেল জাহেদুর রহমান, মেজর শরীফ, মেজর সাব্বির এবং ২২ রাইফেলস ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফট্যানেন্ট কর্নেল হাসিব আলম।
বিএসএফ কর্মকর্তাদের মধ্যে ছিলেন- ইন্সপেক্টর জেনারেল মুরালী ধর, সুরেশ গোয়াল, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল এস এস টুমার। প্রায় এক ঘণ্টা দুপক্ষের মধ্যে মতবিনিময় হয়। তবে এ ব্যাপারে কোন সংবাদ ব্রিফিং করা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/জিএনএ/এমএসবি/১৭৫৫ ঘ.
bdnews24