২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পিলখানার ঘটনায় আরো তিনজনের জবানবন্দী, গ্রেপ্তার ৫০

পিলখানা হত্যাযজ্ঞ মামরায় আরো তিনজন স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। এছাড়া গ্রেপ্তার দেখানো হয়েছে আরও ৫০ বিডিআর সদস্যকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2009, 03:53 PM

Updated : 26 Aug 2022, 11:22 AM

ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পিলখানা হত্যাযজ্ঞ মামরায় আরো তিনজন স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। এছাড়া গ্রেপ্তার দেখানো হয়েছে আরও ৫০ বিডিআর সদস্যকে। বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে দুপুর থেকে বিকেল পর্যন্ত সিপাই শরিফুল ইসলাম, জিকরুল হক এবং হাফিজুর রহমান নামের এক বেসামরিক ব্যক্তি ১৬৪ ধারায় জবানবন্দী দেন। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট আব্দুল কাহার আকন্দ এই তিনজনকে জিজ্ঞাসাবাদ শেষে মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে স্বীকারোক্তিমূলক জবানবন্দী নথিভূক্ত করার আবেদন জানান। মহানগর হাকিম রাশেদ কবির, এস কে তোফায়েল হাসান এবং মমিনুল হাসান তাদের জবানবন্দী নথিভূক্ত করেন। এ ছাড়া মামলায় সিআইডি ৫০ বিডিআর সদস্যকে সিএমএম আদালতে হাজির করে তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আবেদন করে। মহানগর হাকিম ফয়সাল আতিক বিন কাদের তা মঞ্জুর করেন। এছাড়া জিজ্ঞাসাবাদ শেষে দুই বিডিআর সদস্যকে আদালতে হাজির করলে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। আদালতের সংশ্লিষ্ট পুলিশের জেনারেল রেকডিং কার্যালয়ের কর্মকর্তা রতন শেখ জানান, এ নিয়ে ৪৫ বিডিআর সদস্য স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিলেন। এছাড়া ১১৯৯ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/টিআর/২১১১ ঘ.