২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পলাতক বিডিআর সদস্যদের গ্রেপ্তারে তালিকা পাঠানো হচ্ছে

পলাতক শতাধিক বিডিআর জওয়ানকে গ্রেপ্তার করতে তাদের ছবি ও নাম সংবলিত তালিকা সোমবার থেকে সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রেবেল হান্ট সদস্যদের কাছে পাঠানো শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2009, 02:37 PM

Updated : 26 Aug 2022, 11:21 AM

ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পলাতক শতাধিক বিডিআর জওয়ানকে গ্রেপ্তার করতে তাদের ছবি ও নাম সংবলিত তালিকা সোমবার থেকে সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রেবেল হান্ট সদস্যদের কাছে পাঠানো শুরু হয়েছে। বুধবার বিডিআর'র মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। গত ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানা হত্যাকাণ্ডের পর অনেক বিডিআর সদস্য পালিয়ে যায়। মার্চ মাসের প্রথম সপ্তাহে তাদের অনেকেই সরকারি নির্দেশনা অনুযায়ী বিডিআর সদরদপ্তর ও তাদের নিজ নিজ কর্মস্থলে যোগদান করেন। ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার হয় হাজারেরও বেশি বিডিআর সদস্য। প্রথমদিকে প্রায় ১৮শ' বিডিআর সদস্য পলাতক বলে বিডিআর ও তদন্ত সংস্থাগুলোর পক্ষ থেকে জানানো হয়। পরে পলাতক বিডিআর সদস্য সংখ্যা ২০২-এ এসে দাঁড়ায়। এ সম্পর্কে বিডিআর প্রধান জানান, "এরপর পলাতক বিডিআর সদস্যদের ধরিয়ে দিতে ৫০ হাজার টাকা পুরষ্কার ঘোষণা করা হলে অনেক বিডিআর সদস্য স্বেচ্ছায় দেশের বিভিন্ন স্থানে নিকটবর্তী থানা ও বিডিআর ক্যাম্প-দপ্তরে এসে আত্মসমর্পণ করেন। ফলে সর্বশেষ একশ'র কিছু বেশি বিডিআর সদস্য পলাতক রয়েছেন। যাদের ছবি ও নাম সংবলিত তালিকা তৈরি করা হয়েছে। এখন এই পলাতক সদস্যদের গ্রেপ্তারের জন্য সোমবার থেকে তালিকাটি সংশ্লিষ্ট বিভিন্ন থানা, রেবেল হান্ট সদস্য ও সংশ্লিষ্টদের কাছে পাঠানো শুরু হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/এইচএ/২০৩৫ঘ.