২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআরের অস্ত্র গণনা শেষ, ১২১টি খোয়া গেছে

বিডিআর বিদ্রোহের পর সব অস্ত্র ও গোলাবারুদ চিহ্নিত ও গণনার কাজ শেষ হয়েছে। হিসাব অনুযায়ী ঘটনার পর থেকে এখন পর্যন্ত মোট ১শ' ২১টি আগ্নেয়াস্ত্র খোয়া গেছে। বিডিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2009, 03:41 PM

Updated : 26 Aug 2022, 11:21 AM

ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের পর সব অস্ত্র ও গোলাবারুদ চিহ্নিত ও গণনার কাজ শেষ হয়েছে। হিসাব অনুযায়ী ঘটনার পর থেকে এখন পর্যন্ত মোট ১শ' ২১টি আগ্নেয়াস্ত্র খোয়া গেছে। বিডিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সেনা ও পুলিশ সদস্যরা বিডিআরের সব অস্ত্র ও গোলাবারুদ ইউনিট অনুযায়ী চিহ্নিত করা ও গণনার কাজ শেষ করেছেন। এতে বিভিন্ন ধরণের মোট ১শ'২১টি আগ্নেয়াস্ত্রের কোন সন্ধান পাওয়া যায়নি। এছাড়া কিছু অস্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু অস্ত্রের যন্ত্রাংশ হারিয়ে গেছে। হারিয়ে যাওয়া অস্ত্রের মধ্যে রয়েছে ৮৩টি পিস্তল, ১৭টি রাইফেল, ৪টি এসএমজি, প্রশিক্ষণে ব্যবহৃত কাট মডেল এসএমজি ১টি এবং সেনা কর্মকর্তাদের ব্যক্তিগত লাইসেন্স করা ওয়ালথার পিপিকে পিস্তল ২টি, এনপিবি পিস্তল ৭টি, ২২ বোর রাইফেল ৩টি, ১২ বোর শটগান ২টি ও একনলা বন্দুক ২টি। সেনা কর্মকর্তাদের ব্যক্তিগত লাইসেন্স করা অস্ত্রগুলো বাহিনীর নিয়মানুযায়ী অস্ত্রাগারে রক্ষিত ছিল। ২৫ ও ২৬ ফেব্র"য়ারি ঘটনার সময় উচ্ছৃঙ্খল বিডিআর সদস্যরা অস্ত্রাগারের তালা ভেঙে ইউনিটের অস্ত্র যথেচ্ছভাবে ব্যবহার করে। ঘটনা চলাকালে অনেকে অস্ত্র নিয়ে পালিয়ে গিয়েছিল বলে ধারণা করা হয়। বিদ্রোহ অবসানের পর পিলখানার ভেতরে ছড়িয়ে-ছিটিয়ে থাকা অবস্থায় এবং আশেপাশের এলাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে বিডিআরের কিছু বেহাত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএনএস/এসকে/২১৩৮ঘ.