ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- পিলখানা হত্যাকাণ্ডের মামলায় আরও দু'জন বিডিআর সদস্য আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।
রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত ঢাকার মূখ্য মহানগর হাকিম আদালতের হাকিম তোফায়েল হাসান ও জুলফিকার হায়াতের খাস কামরায় সিপাই রাজীব হোসেন ও রিয়ান আহমেদ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন।
এ নিয়ে এ পর্যন্ত এ মামলায় ৩৯ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিলেন। তবে জবানবন্দীতে কে কী বলেছেন তা তারা জানাননি। নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট আদালতের পুলিশের কয়েকজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর কাছে এ তথ্যগুলো নিশ্চিত করেছেন।
এদিকে একই সময় ৯ দিন আইনী হেফাজত শেষে আরও ৪ বিডিআর সদস্যকে ৪ দিনের হেফাজতে নেওয়া হয়েছে। ঢাকার মূখ্য মহানগর হাকিমের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা তাদের জিজ্ঞাসাবাদের জন্য ৬ দিন রিমান্ড চান।
এই ৪ জন হলেন সিপাই সৈয়দ আনোয়ার হোসেন, সুবেদার রমেন্দ্র নাথ বিশ্বাস, সিগনাল ম্যান শরীফুল ইসলাম ও সিপাই জিকরুল হক।
এদিকে রোববার সকালে বিডিআরের ৭ সদস্যকে ৫ দিন রিমান্ড মঞ্জুর করেন মহানগর হাকিম ফয়সাল আতিক বিন কাদের।
এই ৭ জন হলেন সিপাই আবদুর রশীদ, সিপাই আবদুর রশীদ (২), হাবিবুর রহমান, হাবিবউল্লাহ সুমন মিয়া, সুমন মোল্লা, মিন্টু শেখ। তাদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন রিমান্ড চাওয়া হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/২১৪১ঘ.
bdnews24