ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-অসুস্থ অবস্থায় শুক্রবার রাতে দুই বিডিআর সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিউমার্কেট থানার উপ-পরিদর্শক মো. আজিম জানান, শুক্রবার রাতে বিডিআর হাসপাতাল থেকে উপ-সহকারী পরিচালক (ডিএডি) নাসিরউদ্দীনকে (৫২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন তিনি। তার শরীরে রক্ত ও স্যালাইন দেওয়া হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিনিধি জানান, স্ট্রেচারে শুয়ে থাকা ডিএডি নাসিরউদ্দীনের দুপা ফোলা এবং কালচে দাগ ছিলো। তার ডান বাহুতেও লালচে দাগ রয়েছে। পুলিশের সঙ্গে বিডিআর হাসপাতালের উর্দি পরা একজন ওয়ার্ডবয়ও তার সঙ্গে ছিল।
রাত পৌনে ১২টার দিকে জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ১ নম্বর ওয়ার্ডে পাঠিয়ে দেন।
ডিএডি নাসিরউদ্দীনকে হাসপাতালে নেওয়ার একটু পরেই নাসিরউদ্দীন (২৮) নামে বিডিআর এর এক সিপাহীকে হাসপাতালে নিয়ে আসা হয়। তারও পা ফোলা। সিপাহী নাসির মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি কিডনির জটিলতায় ভুগছেন। সেখান থেকে তাকে কিডনি হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় বলে সঙ্গে থাকা পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/প্রতিনিধি/এএনএস/এইচএ/০১৩৬ঘ.
bdnews24