ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানা থেকে বৃহস্পতিবার সকালে কাজী সাইদুর রহমান (৫০) নামের বিডিআরের এক সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সাইদুর রহমান ১৩ রাইফেল্স ব্যাটালিয়নে হাবিলদার পদে কর্মরত ছিলেন।
সকাল ১০টার দিকে নিউ মার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) এমাদুল কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, "পিলখানার ভেতর থেকে বিডিআরের হাবিলদার সাইদুর রহমানের লাশ উদ্ধার করা হয়েছে।"
হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সাইদুরের মৃত্যু হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
বিদ্রোহের ঘটনার পর পিলখানা এবং সারা দেশে 'আত্মহত্যা', 'হার্ট অ্যাটাক' ও বিভিন্ন কারণে 'অসুস্থ' হয়ে এ নিয়ে ১২ বিডিআর সদস্যের মৃত্যু হল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এজে/এসকে/১১৫৫ঘ.
bdnews24