২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর সদরদপ্তরের কাছ থেকে গ্রেনেড ও ইউনিফর্ম উদ্ধার

বিডিআর সদরদপ্তর সংলগ্ন আলহেরা মসজিদের কাছের কবরস্থান থেকে দুটি গ্রেনেড এবং এক সেট ইউনিফর্ম উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2009, 12:38 PM

Updated : 26 Aug 2022, 11:19 AM

ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিডিআর সদরদপ্তর সংলগ্ন আলহেরা মসজিদের কাছের কবরস্থান থেকে দুটি গ্রেনেড এবং এক সেট ইউনিফর্ম উদ্ধার করেছে পুলিশ। উপ-পুলিশ কমিশনার আতিকুল ইসলাম বুধবার দুপুরে শাহবাগ পুলিশ কন্ট্রোল রুমে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে জানান, পুলিশ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কবরস্থান থেকে একটি এবং বুধবার সকাল সাড়ে ১১টার দিকে আরো একটি গ্রেনেড পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। উপ-পুলিশ কমিশনার জানান ওই গ্রেনেডের গায়ে জিআর ইএন-৮৪,বিডি, বিওএফ লেখা রয়েছে। তবে তিনি এসব সংকেতের ব্যাখ্যা দেননি। একই জায়গা থেকে বিডিআর সদস্যের এক সেট পোশাকও উদ্ধার করা হয় বলে জানান পুলিশ কর্মকর্তা আতিকুল ইসলাম । পোশাকের পকেটে থাকা পরিচয়পত্রে ল্যান্স নায়েক গোলাম মোস্তফা নাম লেখা রয়েছে। ২৫ এবং ২৬ ফেব্র"য়ারি বিডিআর বিদ্রোহের পর পোশাক খুলে পালিয়ে যাওয়া বিডিআর সদস্যদের মধ্যে তিনিও একজন বলে ধারণা করা হচ্ছে। গ্রেনেড উদ্ধার সম্পর্কে উপ-পুলিশ কমিশনার বলেন, "পিলখানায় বিডিআর বিদ্রোহের সময় অস্ত্রাগার লুট হয়। উদ্ধারকৃত গ্রেনেডগুলো লুট হওয়া গ্রেনেড কিনা তা জানার চেষ্টা করা হচ্ছে। আর তা নাহলে এসব গ্রেনেডের সঙ্গে জঙ্গি সম্পৃক্ততা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে।" 'শান্তিপূর্ণ' বর্ষবরণে সন্তোষ মঙ্গলবার বৈশাখ বরণ অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে উল্লেখ করে আতিকুল ইসলাম বলেন, "এদিন কোথাও কোন সমস্যা হয়নি। গাড়ি চলাচল নিয়ন্ত্রণে ছিল। সব কিছু শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।" উপ-পুলিশ কমিশনার জানান, মঙ্গলবার রমনা বটমূলসহ আশেপাশের এলাকা থেকে ৩৭টি শিশু হারিয়ে গিয়েছিল। তার মধ্যে ৩৬ জনকে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। একজন প্রতিবন্ধী হওয়ায় নাম ঠিকানা বলতে পারছে না। এজন্য তাকে পুলিশের হেফাজতে রেখে ঠিকানা বের করার চেষ্টা করা হচ্ছে। তিনি আরো জানান ১লা বৈশাখ ৮২ জন পকেটমার/ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ৩৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ২৬টি মালিকের কাছে ফেরত দেওয়া হয়েছে। বাকিগুলো রমনা থানা হেফাজতে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসটি/এলএইচ/এফএফ/এজে/এসকে/১৮৩৮ঘ.