ঢাকা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানা ঘটনার মামলায় আরও পাঁচ বিডিআর সদস্য ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এনিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া বিডিআর সদস্যের সংখ্যা দাঁড়ালো ১৯ জন।
রোববার মহানগর হাকিম তোফায়েল হাসান, জুলফিকার হায়াত এবং মুহাম্মদ আব্দুর রহিমের খাস কামরায় বেলা ২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত তারা জবানবন্দি দেন।
জবানবন্দি দেওয়া বিডিআর সদস্যরা হলেন- হাবিলদার ইউসুফ আলী, হাবিলদার আবু তাহের, সিপাহি নাফিউল কাজী, সিপাহি আলিম রেজা, সিপাহি সফিউল আযম।
এদিকে, রোববার মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি'র সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল কাহার আকন্দের ১০ দিনের রিমান্ডের আবেদনের পরিপ্রেক্ষিতে এ মামলায় আরও ২৫ জনের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
এদের মধ্যে ২৪ জন পুরোনো গ্রেপ্তার বিডিআর সদস্য। একজন নতুন গ্রেপ্তার, তবে তিনি বিডিআর সদস্য নন।
এ ছাড়া ৪৫ জন নতুন গ্রেপ্তার বিডিআর সদস্যকে এদিন কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন মহানগর হাকিম।
সংশ্লিষ্ট আদালতের পুলিশের জেনারেল রেকর্ডিং কর্মকর্তা উপ পরিদর্শক খন্দকার এখলাসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, পিলখানা মামলায় এ নিয়ে মোট ৮শ'৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার রিমান্ডে পাঠানো ২৪ বিডিআর সদস্য হলেন- নায়েক সুবেদার মনোরঞ্জন সরকার, হাবিলদার প্রশিক্ষক মমিন আলী, ল্যান্স নায়েক বাদশা আলম, নায়েক আবু সাঈদ, সহ নায়েক আবুল কালাম, সিপাহি ইকবাল, সিপাহি সাজাহান আলী, সিপাহি আব্দুর রাজ্জাক, সিপাহি মাসুদ রানা, সিপাহি মো. মিজান, সিপাই মজিবুর রহমান, সিপাহি হাদিউল ইসলাম, সিপাহি জালাল, সিপাহি বুলবুল হোসেন, সিপাহি মোহাদ্দেজ কাজী, সিপাহি তারাপদ মন্ডল, সিপাহি জিয়া, সিপাহি শফিকুল ইসলাম সিপাহি শাহজাহান, সিপাহি জাহাঙ্গীর আলম, সিপাহি আলম আলী, সিপাহি আ. রশিদ, সিপাহি আবুল হোসেন, সিপাহি আকতার হোসেন।
রিমান্ডে পাঠানো বিডিআর বাহিনীর বাইরের অন্যজন হলেন- যশোরের বাঘারপাড়া এলাকার জহরপুর গ্রামের আব্দুল্লাহ আল মামুন। মামুন যাত্রাবাড়ির মাতুয়াইলের থাকেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এসকে/২১০১ঘ.
bdnews24