রংপুর, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর বিডিআর সদর দপ্তরে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে শুক্রবার সকালে রংপুরে মামুনুর রশীদ নামে অবসরপ্রাপ্ত একজন বিডিআর জওয়ানকে গ্রেপ্তার করেছে র্যাব।
তার বাসা থেকে উদ্ধার করা হয়েছে এক রাউন্ড গুলি ও বিডিআরের এক সেট উর্দি।
মামুন রংপুর শহরের উত্তর মুন্সিপাড়া মহল্লার আব্দুল কাদেরের ছেলে। সাতক্ষীরার ৪১ রাইফেলস ব্যাটালিয়নে কর্মরত থাকা অবস্থায় গত বছরের নভেম্বরে তিনি অবসর নেন।
রংপুর র্যাব ৫ এর কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আবুল খায়ের জানান, মেজর আলমগীরের নেতৃত্বে র্যাবের একটি দল মামুনকে শহরের উত্তর মুন্সিপাড়ার বাসা থেকে গ্রেপ্তার করে।
তিনি জানান, রাজধানীর বিডিআর সদর দপ্তরে জওয়ানদের বিদ্রোহ এবং সেনা কর্মকর্তাদের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে মামুনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬১৪ ঘ.
bdnews24