২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর মামলা: নজিরবিহীন নিরাপত্তায় কয়েকশ' আসামি আদালতে

পিলখানার বিডিআর বিদ্রোহ ও হত্যাযজ্ঞের ঘটনায় গ্রেপ্তার কয়েকশ' আসামিকে বৃহস্পতিবার ঢাকার মূখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2009, 04:20 PM

Updated : 26 Aug 2022, 11:16 AM

ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানার বিডিআর বিদ্রোহ ও হত্যাযজ্ঞের ঘটনায় গ্রেপ্তার কয়েকশ' আসামিকে বৃহস্পতিবার ঢাকার মূখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। সকাল থেকে বিকেল পর্যন্ত কয়েক দফায় ৮টি মহানগর হাকিমের এজলাসে তাদের হাজির করা হয়। (আরো তথ্যসহ) বৃহস্পতিবার ছিল মামলাটির ধার্য তারিখ। মূখ্য মহানগর হাকিম একে এম এনামুল হক আগামী ১২ মে লালবাগ থানার এ মামলার পরবর্তী তারিখ ধার্য করেন। আবারও আসামিদের হাজির ও তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ওই দিন ধার্য করা হয়। এত বিপুলসংখ্যক আসামিকে হাজির করা হবে বলে মূখ্য মহানগর হাকিমের আদালতের প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। বিচারপ্রার্থী ও আইনজীবীদের আদালতে ঢুকতে না দেওয়ায় তারা ভোগান্তিতে পড়েন। সকাল সাড়ে ১১টা পর্যন্ত এ আদালতের মামলার সব শুনানি বন্ধ থাকে। পরে মূখ্য মহানগর হাকিম আদালতের পুরনো ভবনে অন্য মামলার বিচার শুরু হয়। বিডিআর সদস্যদের আদালতে হাজির করা নিয়ে প্রাঙ্গণে পুলিশ ও র‌্যাবের সমন্বয়ে অভূতপূর্ব নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। আটশ' পুলিশ ও র‌্যাব সদস্য নিরাপত্তা রক্ষায় নিয়োজিত ছিলেন। আদালতের প্রত্যেকটি প্রবেশ পথে মোতায়েন পুলিশ বিচারপ্রার্থী বা আইনজীবী কাউকে আদালতে ঢুকতে দেয়নি। পুলিশ ক্লাবের সামনে কাটাতারের বেড়া ফেলে সাংবাদিকদেরও আটকে দেওয়া হয়। সকাল সাড়ে ৭টা থেকে ৪০টির মতো প্রিজন ভ্যানে করে দুপুর দেড়টা পর্যন্ত বিডিআর সদস্যদের দফায় দফায় আদালতে নিয়ে আসা হয়। এ সময় ঢাকা মহানগরীর বাইরের বিভিন্ন থানার প্রিজন ভ্যানও ব্যবহার করা হয়। ঢাকার আদালত পাড়ায় এত আসামী একসঙ্গে কোনদিন দেখেননি বলে অনেকে মন্তব্য করেন। আইনজীবী বেলাল হোসেন জসীম বলেন, এর আগে তত্ত্বাবধায়ক সরকার আমলে গণ গ্রেপ্তারের সময় এক দিনে ৪০০ থেকে ৫০০ জন আদালতে হাজির করা হয়েছে। কিন্তু তখন নিরাপত্তা ব্যবস্থা কঠোর ছিল না। তিনি মন্তব্য করেন, এ মামলায় জাতীয় নিরাপত্তা জড়িত বলেই সম্ভবতঃ এ রকম ব্যবস্থা। বৃহস্পতিবার সকাল থেকেই আদালতে বিডিআর সদস্যদের অনেক আত্মীয় স্বজন ভিড় করেন। আদালত প্রাঙ্গণের বাইরের রাস্তায় রোদে পুড়ে দাঁড়িয়ে থাকেন আসামি স্বজনদের এক পলক দেখা পাওয়ার আশায়। কিন্তু ব্যর্থ হয়ে বিকেলে তারা ফিরে যান। এ সময় পুলিশের নিগ্রহের শিকার হন তারা। আসামি সিপাই সুমনের মা বুক চাপড়ে বিলাপ করে এ সময় জনসন রোডে দাঁড়িয়ে কাঁদতে থাকেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমার ছেলে নির্দোষ। প্রয়োজনে মরিচ পুড়িয়ে ভাত খাবো। আমার ছেলের চাকরির দরকার নেই।" অন্য আসামিদের আত্মীয়রা বলেন, ঘটনার সুষ্ঠ তদন্ত ও বিচার হোক। কিন্তু দিনের পর দিন আমাদের আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করার সুযোগ থেকে বঞ্চিত করা হবে কেন। হাজির করা অনেক বিডিআর সদস্য আদালতের কাঠগড়ায় মাথা ঠুকতে থাকেন। কেউ কেউ কান্নায় ভেঙে পড়েন। ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোখলেসুর রহমান বাদল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিরাপত্তার প্রশ্নে বুধবার ঢাকার মূখ্য মহানগর হাকিম আদালতের নতুন ভবনের বিভিন্ন এজলাসে বিডিআর ছাড়া অন্য মামলার বিচারকাজ চলবে না বলে নোটিশ টাঙানো হয়নি। অ্যাডভোকেট মোখলেসুর রহমান বলেন, বৃহস্পতিবার সকালে ওই নোটিশ টাঙানো হয়েছে বলে বিচারপ্রার্থী ও আইনজীবীরা সাময়িক বিড়ম্বনার শিকার হয়েছেন। নতুন ভবনের শুধুমাত্র গুরুত্বপূর্ণ মামলাগুলো পরে পুরানো ভবনে পাঠানো হয়। সকালে অন্য মামলাগুলোর বিচার কাজ বন্ধ ছিল। এজন্য বিভিন্ন আইনজীবী মূখ্য মহানগর হাকিমের বিরুদ্ধে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। পুলিশের বাড়াবাড়িতেও একইভাবে তারা ক্ষোভ প্রকাশ করেন। এ ব্যাপারে অ্যাডভোকেট সাঈদুর রহমান সাজু, বেলাল হোসেন জসীম, অ্যাডভোকেট শামীমা আক্তার শাম্মী ও নেওয়াজুল বারী তাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/১০২২ঘ.