ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানা হত্যাযজ্ঞের ঘটনায় আরো ১০২ বিডিআর সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া সাত বিডিআর সদস্যকে পাঁচ দিনের পুলিশ রিমাণ্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছে আদালত।
সোমবার রাত পৌনে ৮ টায় ঢাকার মহানগর হাকিম ফয়সাল আতিক বিন কাদের এ আদেশ দেন।
এ নিয়ে হত্যা ও রাষ্ট্রদ্রোহিতাসহ বিভিন্ন অভিযোগে লালবাগ থানায় পুলিশের দায়ের করা মামলায় ৫৮৪ জন বিডিআর সদস্যকে কারাগারে পাঠানো হলো।
লালবাগ থানার ওই মামলায় ডিএডি তৌহিদুল আলমসহ এক হাজারের ও বেশী আজ্ঞাতনামা বিডিআর জওয়ানকে আসামি করা হয়।
সোমবার দুপুরের পর র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া ১৪ বিডিআর সদস্যকে আদালতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তা সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল কাহার আকন্দ এই ১৪ সদস্যের মধ্যে হাবিলদার মাসুদ ইকবাল, সুবেদার মো. আলাউদ্দিন, হাবিলদার মো. ইউসুফ আলী, সিপাহী মো. বজলুর রশীদ, ল্যান্স নায়েক মো. আনোয়ারুল ইসলাম ও নায়েক মো. কাইয়ুমকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করলে হাকিম ফয়সাল আতিক বিন কাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এই ১৪ বিডিআর সদস্যের প্রত্যেকেই শারীরিকভাবে অসুস্থ থাকায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়।
পুলিশ প্রতিবেদনে বলা হয়, এই মামলায় রিমান্ডে থাকা অন্য আসামিরা বিডিআর সদরদপ্তরের হত্যাযজ্ঞে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এই সাতজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
অপর এক আবেদনে তদন্ত কর্মকর্তা ৯৫ বিডিআর সদস্যকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন । হাকিম এ আবেদন মঞ্জুর করেন। পরে তাদের সবাইকে কড়া নিরাপত্তায় কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
এদিকে তদন্ত কর্মকর্তা আদালতে আরো একটি প্রতিবেদন পাঠিয়ে গত ২১ মার্চ কারাগারে পাঠানো ১৮ বিডিআর সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। হাকিম আসামীদের আদালতে হাজির করা সাপেক্ষে আগামী ২৫ মার্চ তাদের রিমান্ড শুনানির দিন ধার্য করেন।
ওই ১৮ বিডিআর সদস্য সিপাহী মো. জামাল হোসেন, সিপাহী মো. আব্দুল লতিফ মন্ডল, সিপাহী টুটুল চন্দ্র দাস, সিপাহী রিপন আহমদ, হাবিলদার সিরাজুল ইসলাম, ল্যান্স নায়েক মো. সাইদুল ইসলাম, সিপাহী মো. জাকির হোসেন, টেইলার টি-১০ আলী আকবর, সিপাহী মো. আকতার হোসেন, (চালক) মোহাম্মদ আলী খান, সিপাহী মো. আলী মিয়া, সিপাহী মো. হারুন আর রশীদ (১) ও সিপাহী মো. হারুন আর রশীদ (২), সিপাহী মো. সেলিম রেজা, সিপাহী মো. ইউসুফ মিয়া, সিপাহী মো. ইমরান হোসেন, সিপাহী মো. ফয়সাল হোসেন ও সিপাহী মো. ফয়সাল আজম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এইচএ/২২৫৪ঘ.
bdnews24