২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নিহত বিডিআর সদস্য নূরুল ইসলাম যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা পাচ্ছেন

পিলখানার ঘটনায় নিহত বিডিআর সদস্য সুবেদার মেজর নূরুল ইসলামকে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সোমবার বিডিআর-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই নৃশংস ঘটনায় নিহত বিডিআর সদস্যদের মধ্যে নুরুল ইসলামই প্রথম রাষ্ট্রীয় মর্যাদা পেতে যাচ্ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2009, 06:35 PM

Updated : 26 Aug 2022, 11:13 AM

ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানার ঘটনায় নিহত বিডিআর সদস্য সুবেদার মেজর নূরুল ইসলামকে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সোমবার বিডিআর-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই নৃশংস ঘটনায় নিহত বিডিআর সদস্যদের মধ্যে নুরুল ইসলামই প্রথম রাষ্ট্রীয় মর্যাদা পেতে যাচ্ছেন। বিডিআর এর অপর এক বিজ্ঞপ্তিতে পিলখানার ভেতরে আগে বসবাসরত সকল জেসিও ও সৈনিকদের তাদের বাসার সব মালামাল সাময়িকভাবে সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। বিডিআরের ঘটনায় ৫৮ জন সেনা সদস্য (৫৭ জন কর্মকর্তা ও একজন সৈনিক), ৮ জন বিডিআর সদস্য ও ৭ জন বেসামরিক নাগরিকসহ মোট ৭৫ জন প্রাণ হারান বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়। এতে বলা হয়, বর্তমান তদন্ত শেষে যদি প্রমাণিত হয় যে নিহত বিডিআর সদস্যদের মধ্যে কেউ বিদ্রোহ দমনের চেষ্টা করে প্রাণ হারিয়েছেন সেক্ষেত্রে তাকে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হবে। ওই ঘটনার সময় বা পরে আহত বা নিহত সব বিডিআর সদস্যই বিডিআরের নিয়মানুযায়ী আর্থিক ও অন্যান্য সুবিধা পাবেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৭ মার্চ এক ভাষণে সুবেদার মেজর নূরুল ইসলামকে বিডিআর বিদ্রোহে বাধাদানকারি হিসাবে চিহ্নিত করে তাকে 'শহীদ' হিসাবে উল্লেখ করেন বিডিআর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মইনুল ইসলাম। অপর বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্রোহের পরে পিলখানার ভেতরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল অস্ত্র ও গোলাবারুদ। এ পর্যন্ত অনেক অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হলেও এখনও বিভিন্ন লুকানো স্থানে সেগুলো পাওয়া যাচ্ছে। জেসিও ও সৈনিকদের বাসাবাড়ি থেকেও অস্ত্র উদ্ধার হচ্ছে। তাই পিলখানার ভেতরে বসবাসের জন্য এখনও নিরাপদ নয়। আগ্রহী পরিবারগুলোকে নিউমার্কেট সংলগ্ন ৩ নং ফটকে যোগাযোগ করতে বলা হয়েছে। অন্যদিকে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেলস পাবলিক কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাদের ৪ নং ফটকে কলেজের তথ্য কেন্দ্র থেকে কলেজ সংক্রান্ত যাবতীয় তথ্য সংগ্রহ করতে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এইচএ/০০২৯ঘ.