২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে আরেক বিডিআর সদস্যের 'আত্মহত্যা'

সিলেট বিডিআরের সেক্টর সদরদপ্তর থেকে বুধবার এক বিডিআর সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বিডিআর ও পুলিশ কর্তৃপ বলছে এটি আত্মহত্যা। বিডিআর কর্তৃপক্ষ জানিয়েছে, ওয়ালীউল্লাহ বিদ্রোহের সময় পিলখানায় ছিলেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2009, 01:24 PM

Updated : 26 Aug 2022, 11:14 AM

সিলেট, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেট বিডিআরের সেক্টর সদরদপ্তর থেকে বুধবার এক বিডিআর সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বিডিআর ও পুলিশ কর্তৃপক্ষ বলছে এটি আত্মহত্যা। বিডিআর কর্তৃপ জানিয়েছে, ওয়ালীউল্লাহ বিদ্রোহের সময় পিলখানায় ছিলেন। আখালিয়ায় অবস্থিত সেক্টর সদরদপ্তরের সহকারী পরিচালক (এডি) মোকসেদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল হাসান ও সিলেট মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার মাহবুব হাসান বেলা সোয়া ১১টায় সৈনিক লাইনের বাথরুম থেকে বিডিআর সদস্য ওয়ালীউল্লাহর (২৩) ঝুলন্ত লাশ উদ্ধার করেন।" (এডি) মোকসেদ আলী বলেন, ওয়ালীউল্লাহ গলায় গামছা পেঁচিয়ে বাথরুমের পাইপের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন। ওয়ালীউল্লাহ ৩৮ রাইফেলস ব্যাটালিয়নের সদস্য। তার সিপাহী নম্বর ৭৭৩৪৭। তিনি খুলনার বটিয়াঘাটা উপজেলার ভাণ্ডারটেক গ্রামের মো. মতলিব শেখের ছেলে। মোকসেদ আলী বলেন, বিডিআর বিদ্রোহের সময় পিলখানায় থাকা ওয়ালীউল্লাহ পরে সিলেট কোতোয়ালি থানায় রিপোর্ট করে সিলেট সেক্টর সদর দপ্তরে যোগ দেন। সিলেট মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার মাহবুব হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার আত্মহত্যার ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।" বিডিআর বিদ্রোহের পর থেকে এ পর্যন্ত ঢাকা ও তার বাইরে অন্তত দুই বিডিআর সদস্যের 'আত্মহত্যা' ও হাসপাতালে ভর্তি হওয়ার পর তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/টিআর/এসকে/১৯১৫ঘ.