২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যারা রিপোর্ট করেনি তাদের গ্রেপ্তারে তালিকা হচ্ছে: বিডিআর মহাপরিচালক

যেসব বিডিআর সদস্য এখনো রিপোর্ট করেনি তাদের একটি তালিকা তৈরীর কাজ চলছে। তাদের গ্রেপ্তারের জন্য যথাসময়ে এই তালিকা দেশের প্রতিটি থানায় পৌঁছে যাবে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2009, 11:56 AM

Updated : 26 Aug 2022, 11:14 AM

ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যেসব বিডিআর সদস্য এখনো রিপোর্ট করেনি তাদের একটি তালিকা তৈরীর কাজ চলছে। তাদের গ্রেপ্তারের জন্য যথাসময়ে এই তালিকা দেশের প্রতিটি থানায় পৌঁছে যাবে। (আরো তথ্যসহ) বিডিআরের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মইনুল ইসলাম বুধবার দুপুরে বিডিআর সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। মহাপরিচালক বলেন," পিলখানায় শুধু মূল্যবান জীবনই যায়নি, বিডিআরের ওপর এখন সবার অনাস্থা। এখন আস্থা ফিরিয়ে আনতে হবে। যারা সত্য ঘটনা প্রকাশ করবে তারাই আস্থা ফিরিয়ে আনার দায়িত্ব নিতে পারে।" তিনি জানান, অনেক বিডিআর সদস্যের কাছ থেকে ঘটনার সঙ্গে জড়িত অপর বিডিআর সদস্যদের নাম পাওয়া যাচ্ছে। বর্তমানে পিলখানায় গ্রেপ্তার হওয়া কোন বিডিআর সদস্য নেই। তাছাড়া পিলখানায় সাব জেল করার কোনো পরিকল্পনাও সরকারের নেই। মইনুল ইসলাম বলেন, এখন সীমান্ত এলাকায় বিডিআর সদস্যরা যথারীতি দায়িত্ব পালন করছেন। বিএসএফ-এর সঙ্গে পতাকা বৈঠকও হচ্ছে। তবে বিডিআর যে একশ' ভাগ কাজ করছে তা বলা যাবেনা। তবে বিডিআরের বিপদের সময় বিএসএফ অত্যন্ত দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, "কিছুদিনের মধ্যে মহাপরিচালক পর্যায়ের বৈঠক ভারতে অনুষ্ঠিত হবে। বর্তমান পরিস্থিতির কারণে খুবই কম সংখ্যক কর্মকর্তা সেখানে যাচ্ছেন। এই বৈঠকে যাওয়াটা খুই জরুরি। কেননা বিপদের সময় তারা যে সহযোগিতা করেছেন তার জন্য অন্তত ধন্যবাদ দেওয়া তো প্রয়োজন।" বিডিআর মহাপরিচালক জানান, এখনো পিলখানায় অস্ত্র, গোলাবারুদ পাওয়া যাচ্ছে। মোজার ভেতর, ভাজ করা কাপড়ের মধ্যে পিস্তল, গ্রেনেড পাওয়া যাচ্ছে। এটা বিপজ্জনক। পুরো পিলখানার পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বিডিআর পরিবারের সদস্যদের মালামাল নিয়ে যেতে বলা হয়েছে। এ পর্যন্ত এক'শজনের আবেদন পাওয়া গেছে। এক প্রশ্নে জবাবে তিনি বলেন, বিডিআর পুনর্গঠনের বিষয়টি মতামত সংগ্রহের পর্যায়ে রয়েছে। আরেক প্রশ্নের জবাবে মইনুল ইসলাম জানান, এখন পর্যন্ত অস্ত্র ও গোলা বারুদের হিসাব মেলেনি। এতে সময় লাগবে। এমনও অনেক গোলা বরুদের বাক্স আছে যা থেকে কোনো কিছুই খোঁয়া যায়নি। কিন্তু,সেগুলোর সীলগালা ভাঙ্গা। এক্ষেত্রে সেসব অস্ত্র, গোলাবারুদেরও হিসাব করতে হবে। তিনি বলেন, এখন সবাইকে সত্য উদঘাটনে একযোগে কাজ করতে হবে। আর এক্ষেত্রে বিডিআর সদস্যের পরিবারবর্গকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। পিলখানায় বিডিআর সদস্যদের সঙ্গে তাদের পরিবারের দেখা করতে দেওয়ার বিষয়ে মহাপরিচালক বলেন, বিডিআর সুশৃঙ্খল বাহিনী। এখানে সবাই সবসময় দেখা করতে পারেনা। আগে যা নিয়ম ছিল এখনো তাই আছে। দেখা করার ক্ষেত্রে তাদের বৃদ্ধ বাবা-মা, অন্তঃসত্ত্বা স্ত্রী, স্ত্রীসহ নবজাতককে অগ্রাধিকার দেওয়া হবে। সবাইকে ঠিকমতো বেতন দেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি জানান, জওয়ানদের পরিবারকে বেতনের টাকা পাঠানোর জন্য পিলখানায় পোষ্ট অফিস আছে। সেখান থেকে টাকা পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। পিলখানায় সব বিডিআর সদস্য ভাল আছে । প্রথমে নিরাপত্তার কারণে তাদেরকে মাঠে রাখা হয়েছিল। এখন সে অবস্থা নেই। সিলেটের আথালিয়ায় ৩৮ রাইফেল ব্যাটালিয়নে ওয়ালিউর রহমান নামে এক বিডিআর সদস্যের মৃত্যুর ব্যাপারে তিনি বলেন, ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। এই বিডিআর সদস্য ২৫ ফেব্র"য়ারি পিলখানায় উপস্থিত ছিলেন। পরে সে পিলখানায় হাজিরা না দিয়ে সিলেটে হাজিরা দেয়। মইনুল ইসলাম জানান, এ পর্যন্ত যে সব বিডিআর সদস্য মারা গেছেন প্রচলিত নিয়ামানুযায়ী তাদের সুযোগ-সুবিধা দেওয়া হবে। তাছাড়া বিদ্রোহে বাধা দিতে গিয়ে কেউ মারা গেছেন তদন্তে এমনটা প্রমাণিত হলে তাদের প্রতি যথাযথ সম্মান জানানোর ব্যাপারে কর্তৃপক্ষকে অবহিত করা হবে। সুবেদার মেজর নূরুল ইসলামকে ইতিমধ্যে রাষ্টীয় মর্যাদা দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন পরিচালক (অপারেশন ও প্রশিক্ষণ) কর্নেল মো. জাহাঙ্গীর কবির তালুকদার এবং জনসংযোগ কর্মকর্তা নূরুল হুদা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /এলএইচ/এইচএ/১৮৪৫ঘ.