২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

তিন বিডিআর সদস্যসহ অরো ছয় জন রিমাণ্ডে

পিলখানা হত্যাযজ্ঞের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রোববার তিন বিডিআর সদস্যসহ আরো ছয় জনকে রিমাণ্ডে নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2009, 03:30 PM

Updated : 26 Aug 2022, 11:15 AM

ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানা হত্যাযজ্ঞের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রোববার তিন বিডিআর সদস্যসহ আরো ছয় জনকে রিমাণ্ডে নেওয়া হয়েছে। এদের মধ্যে পিলখানার পাশের এনায়েতগঞ্জ ও গণকটুলি এলাকার মামুন হোসেন, সিরাজ এবং কামাল হোসেনকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৫ দিনের রিমাণ্ডে নিয়েছে সিআইডি। এর আগে হাজারিবাগ থানা পুলিশ পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন হিসাবে তাদেরকে ৫৪ ধারায় গ্রেপ্তার করে। সন্ধ্যায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তাদেরকে হাজির করে সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট আব্দুল কাহার আকন্দ জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমাণ্ড চান। মামুন, সিরাজ এবং কামালকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড আবেদনে বলা হয়, তারা ঘটনার সময় বিডিআর বিদ্রোহের সমর্থনে মিছিল ও সমাবেশে অংশ নিয়েছিল। অন্যদিকে বিডিআর এর নায়েক শেখ মনিরুল ইসলাম এবং সিপাহী জহুর আলীকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের প্রত্যেকের জন্য ১০ দিনের রিমাণ্ড চাওয়া হলে শুনানি শেষে মহানগর হাকিম তোফায়েল হাসান সাত দিনের রিমাণ্ড মঞ্জুর করেন। এছাড়া একই হাকিম সাত দিনের রিমাণ্ড ফেরত হাবিলদার বারেক এবং সিপাহী বারেক আলমকে কারাগারে পাঠানোর আদেশ দিলেও একই সঙ্গে রিমাণ্ড ফেরত সিপাহী মঞ্জুর আলমকে নতুন করে তিন দিনের রিমাণ্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল কাহার আকন্দ মঞ্জুর আলমকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমাণ্ড চান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএনএস/এইচএ/২১৩০ঘ.