ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে সিআইডি তাকে ডেকেছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর নেতা আব্দুর রাজ্জাক।
সোমবার দুপুর ১টা ২০ মিনিটে সিআইডি সদরদপ্তর থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি বলেন, "বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে আমার কোন সম্পর্ক নেই। সেদিন আমি হাইকোর্টে ছিলাম।"
বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কোন অভিযোগ সিআইডি এনেছে কিনা জানতে চাইলে আব্দুর রাজ্জাক বলেন, "প্রশ্নই ওঠেনা।"
২৫ ফেব্র"য়ারি সকালে মোবাইলে কয়েকজন বিডিআর সদস্যের সঙ্গে কথা বলেছেন বলে গুজব রয়েছে। এ বিষয়ে সিআইডি কোন প্রশ্ন করেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, "না। এ বিষয়ে কোন প্রশ্ন করেনি। তারা হাইকোর্টের নির্দেশনা মেনেই প্রশ্ন করেছে।"
সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী হিসেবে মামলার তদন্তকারী কর্মকর্তা আবদুল কাহহার আকন্দ তার সঙ্গে 'সম্মানের' সঙ্গেই কথা বলেছেন বলে জানান তিনি।
কি কি জিজ্ঞাসা করা হয়েছে জানতে চাইলে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, "আমার পরিবার, পড়াশুনা ও বিদেশ গমন নিয়ে প্রশ্ন করেছে। ২৫ ও ২৬ ফেব্র"য়ারি কোথায় ছিলাম তা জানতে চেয়েছে।"
তিনি আরো বলেন, "সিআইডি আমার পাসপোর্ট দেখতে চেয়েছে। তবে তা জব্দ করেনি।"
গত ৭ মার্চ বিদেশে যাওয়ার সময় বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ ব্যারিস্টার রাজ্জাককে বাধা দেয়। গত ৮ মার্চ এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে বিদেশ যেতে ও ফিরে আসতে বাধা না দেওয়ার জন্য হাইকোর্ট সরকারকে নির্দেশ দিয়েছিল। গত ১৮ মার্চ রাতে বিদেশ যাওয়ার সময় বিমানবন্দরে ব্যারিস্টার রাজ্জাক ও তার স্ত্রীকে আটকে দেওয়া হয়।
এ বিষয়ে আব্দুর রাজ্জাক বলেন, "আমাকে বিদেশে যেতে বাধা দেওয়া অন্যায়, অযৌক্তিক ও অমানবিক। আমাকে নাজেহাল করতে দুবার বিদেশে যেতে দেওয়া হয়নি। বিদেশে যেতে বাধা দেওয়ায় আমি হাইকোর্টে আপিল করেছি। সরকার এক্ষেত্রে হাইকোর্টের নির্দেশও অমান্য করেছে।"
নাজেহাল করার জন্য সরকার তার ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে অভিযোগ করে তিনি বলেন, "হাইকোর্ট সে মামলায় আমাদেরকে আগাম জামিন দিয়েছে।"
এর আগে সকাল ১০ টায় বিডিআর বিদ্রোহের ঘটনায় দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাককে জিজ্ঞাসাবাদ শুরু করে সিআইডি।
সোমবার সকাল ৯টা ৫৭ মিনিটে মালিবাগে সিআইডি সদর দপ্তরে পৌঁছানোর পর তাকে পাঁচতলা ভবনের তিনতলার একটি কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে মামলার তদন্তকারী কর্মকর্তা আবদুল কাহহার আকন্দ তাকে জিজ্ঞাসাবাদ করেন বলে সিআইডি'র এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
সদর দপ্তরে পৌঁছে আব্দুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, "আমাকে ডেকেছে তাই এখানে এসেছি। এখন কিছু বলব না। ফিরে এসে বলব।"
এর আগে ঢাকা মেট্রো গ ১৭/৯৪৪২ নম্বরের রূপালী রংয়ের একটি গাড়িতে করে সেখানে পৌঁছান তিনি। এসময় তার সঙ্গে তার ব্যক্তিগত সহকারী এহসান সিদ্দিীকীও ছিলেন।
গত ২৮ মার্চ পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারী কর্মকর্তা সিআইডির এএসপি আবদুল কাহহার আকন্দ ব্যারিস্টার রাজ্জাককে ৩০ মার্চ সকাল সাড়ে ১০টায় মালিবাগে সিআইডির কার্যালয়ে হাজির হওয়ার জন্য চিঠি দেন।
বিডিআর বিদ্রোহের ঘটনায় এই প্রথম কোনো শীর্ষ রাজনীতিককে জিজ্ঞাসাবাদ করছে সিআইডি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএমএ/এফএফ/জিএনএ/১৪২৭ ঘ.
bdnews24