২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

৮ বিডিআর সদস্য জিজ্ঞাসাবাদের জন্য আবার পুলিশ হেফাজতে

বিডি আর বিদ্রোহ ও হত্যাকাণ্ডের ঘটনায় ৮ বিডিআর সদস্যকে আবার জিজ্ঞাসাবাদ করতে ৩ দিনের জন্য পুলিশ হেফাজতে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2009, 01:25 PM

Updated : 26 Aug 2022, 11:15 AM

ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বিডি আর বিদ্রোহ ও হত্যাকাণ্ডের ঘটনায় ৮ বিডিআর সদস্যকে আবার জিজ্ঞাসাবাদ করতে ৩ দিনের জন্য পুলিশ হেফাজতে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত। ৭ দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে সিআইডি পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় ২৩ বিডিআর সদস্যকে ঢাকার মূখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে। সিআইডি পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল কাহার আকন্দ এদের মধ্য থেকে ৮ জনকে আবার জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেন। মহানগর হাকিম তোফায়েল হাসান শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। বাকি ১৫ জনকে কারাগারে পাঠানো হয়। এ ছাড়া একই সময়ে আরও ৩৫ জন বিডিআর সদস্যকে নতুন গ্রেপ্তার করে আদালতে নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদের জন্য কোন রিমান্ড আবেদন না থাকায় তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন একই হাকিম। যে ৮ জনকে আবার তিন দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে তারা হলেন- হাবিলদার আবু তাহের, নায়েক কামরুজ্জামান, সিপাই মো. নফিউল কাজী, সিপাই মো. জয়নাল আবেদীন, সিপাই রায়হান চৌধুরী, সিপাই সফিউল আজিম, সিপাই মাসুদ আহমেদ, সিপাই আসাদুজ্জামান। এদের কারও কারও জন্য রিমান্ড আবেদন বাতিল করে জামিন চাওয়া হয়েছিল। শুনানি শেষে হাকিম ওই আবেদনগুলো নামঞ্জুর করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/১৯২৪ঘ.