২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যারিস্টার রফিক-উল-হকের বিরুদ্ধে আদালত অবমাননার রুলজারি

ব্যারিস্টার রফিক-উল-হকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে হাইকোর্ট। আদালত অবমাননার দায়ে তার বিরুদ্ধে কেন কার্যক্রম গ্রহণ করা হবে না আগামী তিন সপ্তাহের মধ্যে ব্যারিস্টার হককে এর কারণ দর্শাতে বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2009, 08:02 AM

Updated : 26 Aug 2022, 11:06 AM

ঢাকা, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ ২৪ ডটকম) -- ব্যারিস্টার রফিক-উল-হকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে হাইকোর্ট। আদালত অবমাননার দায়ে তার বিরুদ্ধে কেন কার্যক্রম গ্রহণ করা হবে না আগামী তিন সপ্তাহের মধ্যে ব্যারিস্টার হককে এর কারণ দর্শাতে বলা হয়েছে। সোমবার বিশিষ্ট ব্যক্তিদের জামিন আবেদনে বিভক্ত রায়ের সময় এক বিচারককে উদ্দেশ করে বলা কথার জের ধরে এ রুল জারি করা হয়েছে। আগামী ২২ মার্চ তাকে সশরীরে হাইকোর্টে হাজির হতে বলা হয়েছে। ওইদিন এ বিষয়ে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। বুধবার বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর বেঞ্চ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইদ্রিসুর রহমান ও মো. জহিরুল ইসলাম মুকুলের দায়ের করা আদালত অবমাননার আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। আবেদনটি পরিচালনা করেন অ্যাডভোকেট রমযান আলী শিকদার। আদেশের পর তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাইকোর্ট ব্যারিস্টার রফিক-উল হকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে। তাকে আগামী ২২ মার্চ সকাল সাড়ে ১০টায় সশরীরে হাইকোর্টে হাজির হয়ে জবাব দিতে হবে। অ্যাডভোকেট রমযান আলী শিকদার গত ২৪ ফেব্র"য়ারি দৈনিক প্রথম আলো পত্রিকায় "পলাতকদের জামিন বিষয়ে হাইকোর্টের বিভক্ত রায়, ব্যারিস্টার রফিক-উল হকের মন্তব্যে বিচারকের এজলাস ত্যাগ" শিরোনামে প্রকাশিত প্রতিবেদন আদালতের দৃষ্টিতে আনেন। ওই প্রতিবেদনে বলা হয়েছিল, "বিচারপতি রায় ঘোষণা করতে থাকেন। ব্যারিস্টার রফিক-উল হক আবারও বলেন, ইউ আর এ কোলাবরেটর। ইউ আর নট বাংলাদেশি।" রমযান আলী শিকদার বলেন, এই ধরণের বক্তব্য দিয়ে বিচারককে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, "ব্যারিস্টার রফিক-উল হক বিচারপতিকে উদ্দেশ্য করে বলেন, আপনি আমাকে দেখেন না? সংবিধানের ব্যাখ্যা দিয়ে আমি যা বলেছি, তার ওপরে আদেশ দেন।" অ্যাডভোকেট রমযান বলেন, ব্যারিস্টার হকের এ বক্তব্য বিচার পরিচালনায় সরাসরি হস্তক্ষেপ। প্রতিবেদনে আরও বলা হয়, "ব্যারিস্টার রফিক-উল হক আবারও বলেন, হাইকোর্টের বিধিগুলো (রুলস) দেখেন। আপনি হাইকোর্টের বিধি সম্পর্কে জানেন না। আপনি দায়রা আদালতের বিচারক থেকে এসেছেন।" রমযান আলী শিকদার বলেন, ব্যারিস্টার রফিক-উল হক এই বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে আক্রমণ করে এ ধরণের বক্তব্য দিয়ে আদালত অবমাননা করেছেন। তিনি ব্যারিস্টার হকের বিরুদ্ধে স্বপ্রণোদিত আদালত অবমাননার রুল জারি করার আবেদন জানান। জ্যেষ্ঠ বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক রমযান আলী শিকদারকে এ বিষয়টির ওপর একটি লিখিত আবেদন নিয়ে আসতে বলেন। এরপর প্রবীন আইনজীবী মাহবুবুর রহমানও ব্যারিস্টার রফিক-উল হকের বিরুদ্ধে স্বপ্রণোদিত আদালত অবমাননার রুল জারির আবেদন জানিয়ে বক্তব্য দেন। পরে অ্যাডভোকেট শিকদার দুই আইনজীবীর পক্ষে লিখিত আবেদন দায়ের করলে আদালত আদালত অবমাননার রুল জারি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/১৮৩৬ঘ.