২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সাধারণ ক্ষমা, অস্ত্র সমর্পণে সম্মত বিডিআর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্রোহী বিডিআর সদস্যদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। বিডিআর প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর তিনি এ ঘোষণা দেন। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2009, 07:21 AM

Updated : 26 Aug 2022, 11:06 AM

ঢাকা, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ ২৪ ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্রোহী বিডিআর সদস্যদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। বিডিআর প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর তিনি এ ঘোষণা দেন। (আরো তথ্যসহ) পর্যায়ক্রমে তাদের সব দাবি মেনে নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দিয়েছেন। প্রধানমন্ত্রীর হেয়ার রোডের বাসভবনে আলোচনার পর স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক পৌনে ৬টার দিকে সাংবাদিকদের একথা জানান। সন্ধ্যা পৌনে ছয়টার দিকে যমুনা থেকে একে একে বেরিয়ে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও হুইপ মির্জা আজম। এছাড়া বিডিআরের প্রতিনিধি দলের ১৪ সদস্যের মধ্যে ৩ জন বেরিয়ে আসেন। ব্রিফিংয়ে জাহাঙ্গীর কবির নানক বলেন, "প্রধানমন্ত্রীর সঙ্গে বিডিআর প্রতিনিধি দলের দীর্ঘ সময় আন্তরিক পরিবেশে আলোচনা হয়েছে। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী বিদ্রোহীদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন।" তিনি জানান, বিডিআর সদস্যরা প্রধানমন্ত্রীকে কথা দিয়েছেন তারা এই মুহূর্তে সদরদপ্তরে অস্ত্র সমর্পণ করবেন। বিডিআর সদস্যরা শৃঙ্খলায় ফিরে আসবেন, ব্যারাকে ফিরে যাবেন। এ ঘটনায় যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করা হবে এবং নারীসহ যারা আটকে পড়েছেন তাদের বেরিয়ে আনার ব্যবস্থা করা হবে বলেও জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। পরে বিডিআর প্রতিনিধি দলের সদস্য বিডিআরের উপ সহকারী পরিচালক তৌহিদ বলেন, "আমাদের সঙ্গে প্রধানমন্ত্রীর দীর্ঘ আলোচনা হয়েছে। তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। আমরা ওয়াদা করেছি আমরা অস্ত্র সমর্পণ করবো। প্রধানমন্ত্রীও বলেছেন পর্যায়ক্রমে আমাদের সব দাবি মেনে নেওয়া হবে।" ব্রিফিংয়ে এ ঘটনায় পিলখানার ভেতরে হতাহতের সংখ্যার ব্যাপারে কোন তথ্য জানানো হয়নি। সেখানে বেশ কিছু নির্ভরযোগ্য সূত্র থেকে উর্ধতন কর্মকর্তাসহ অনেকের নিহত হওয়ার কথা শোনা গেছে। ৬টা ২০ মিনিটে তিন বাহিনীর প্রধান, র‌্যাবের মহাপরিচালক ও পুলিশের মহাপরিদর্শক বেরিয়ে আসেন। ৬টা ৩০ মিনিটে বিডিআর এর প্রতিনিধি দল তিনটি গাড়িতে করে প্রধানমন্ত্রী ভবন থেকে বের হন। তাদের তিনটি গাড়ির সামনে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের গাড়িও ছিল। ৬টা ৪০ মিনিটের দিকে বিডিআর সদস্যরা সদর দপ্তরে ফিরে আসেন। এ সময় তারা মাইকে বলেন, " প্রধানমন্ত্রী আমাদের ন্যায়সঙ্গত দাবি মেনে নিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন। আমরা তার কাছে আমাদের অস্ত্র সমর্পণ করবো।" বিডিআর সদস্যরা সহকর্মীদের উদ্দেশে আরও বলেন, সেনাবাহিনী প্রধানের সঙ্গে আমাদের কথা হয়েছে। সেনা প্রধান বলেছেন, সেনাবাহিনীর যেসব সদস্যকে পাঠানো হয়েছিল তাদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া হবে। আমরাও অস্ত্র সমর্পণ করে যে যার মতো ব্যারাকে ফিরে যাবো। এখানে যেসব সেনা অফিসার আছেন তারা তাদের পরিবারের সদস্যদের নিয়ে চলে যাবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। তারা বলেন, এ ঘটনার জন্য কোন মামলা বা বিচার না করার আশ্বাস দিয়ে ক্ষমা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। মাইকে এ সব বলার সময়ও ২০/২৫ রাউন্ড গুলির শব্দ শোনা যায়। এ সময় বলা হয়, "কেন গুলি করছেন। আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে এসেছি।" বিডিনিউজ ২৪ ডটকম/এসইউএম/এমআরএফ/এসকে/১৯১৮ঘ.