ঢাকা , ২৫ ফেব্রুয়ারি (বিডিনিউজ ২৪ ডটকম)--পিলখানার ভেতরে গোলাগুলিতে বেশ কয়েকজন নিহত হয়েছে বলে ভেতরে অবস্থানরত বিডিআর কর্মীদের স্বজনদের সূত্রে আভাস পাওয়া গেছে।
সরকারি স্কুল শিক্ষক রজব আলী বিডিনিউজ ২৪ ডটকমকে বুধবার বিকেলে জানান, তার ভাই সুবেদার মোঃ আবুল কাশেম নিহত হয়েছেন বলে ভাবী তাকে ফোন করে জানিয়েছেন।
রজব আলী বলেন, পিঠে গুলিবিদ্ধ আবুল কাশেমের লাশ তখনো দরবার হলের পাশে পড়ে ছিল বলে তার ভাবী জানিয়েছেন। ভাবী আরো বলেছেন, পিলখানার ভেতরে আরো বেশ কয়েকটি লাশ পড়ে থাকতে দেখেছেন তিনি।
এর আগে নাম প্রকাশে অনিচ্ছুক নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যায়, কয়েকজন উর্ধ্বতন কর্র্মকতা বিদ্রোহী সৈনিকদের হাতে নিহত হয়েছেন।
বিডিআর সদরদপ্তরের আশেপাশে গুলিবিদ্ধ হয়েছেন পথচারী ও রিকশাঅলাসহ বেশ কয়েকজন সাধারণ মানুষ। এর মধ্যে অন্তত ২ জন নিহত ও সাতজন আহত হয়েছেন।
বিডিনিউজ ২৪ ডটকম/এসআইটি/এসকে/১৭৩১ঘ.
bdnews24