২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্রোহ, রক্ত আর আতঙ্ক

বিডিআর সদর দফতরে কী হচ্ছে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2009, 04:55 AM

Updated : 26 Aug 2022, 11:06 AM

আহমেদ মুনীরউদ্দীন বিডিনিউজ ২৪ ডটকম ঢাকা, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ ২৪ ডটকম)- রোববার বেলা পৌনে ২টা। জিগাতলায় বিডিআর সদর দফতরের সামনে মর্টার বসিয়ে ব্যারিকেড দিয়েছে সেনা সদস্যরা। কিছুটা উৎসুক, কিছুটা আতঙ্কিত মানুষ ভিড় করেছে আশেপাশে। সবার নজর সদর দফতরের প্রধান ফটকের দিকে। সেখানে মুহুর্মুহূ গুলি চলছে। সাত মসজিদ রোডে জনতার এই ভিড়ের মধ্যই হঠাৎ চিৎকার করে পড়ে গেলেন বিশ বাইশ বছরের এক তরুণ। বিডিআরের দিক থেকে আসা একটি গুলি তার কাঁধে লেগেছে। রক্ত ছুটেছে ফিনকি দিয়ে। সঙ্গে সঙ্গে জনতার মধ্যে আবারও আতঙ্ক ছড়িয়ে পড়লো। পুলিশের একটি ভ্যান গুলিবিদ্ধ তরুণকে নিয়ে ছুটলো হাসপাতালের দিকে। ভারী অস্ত্রশস্ত্রসহ সেনাবাহিনীর ১০/১২টি যান আশেপাশে অবস্থান নিয়ে থাকলেও কোথাও কোনো শৃঙ্খলা নেই। মোহম্মদপুরের দিক থেকে জিগাতলার দিকে কোনো যানবাহন যেতে দেওয়া হচ্ছে না। আশেপাশের উুঁচু ভবনগুলোর ছাদে উঠে থেকে সাধারণ মানুষ পরিস্থিতি বোঝার চেষ্টা করছে। সেখান থেকে গুলির শব্দ পাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে ধোঁয়ার কুণ্ডলি। কিন্তু পুরো পুরিস্থিতি সম্পর্কে কোনো ধারণা পাওয়া যাচ্ছে না। সকালে গোলাগুলি শুরু হওয়ার পর ধানমণ্ডি এলাকার সব শিক্ষা প্রতিষ্ঠানসহ দোকানপাট ও বেশি কিছু অফিস বন্ধ করে দেওয়া হয়। অফিস ও স্কুল ফেরৎ মানুষজনকে আতঙ্কিত হয়ে ঘরে ফেরার চেষ্টা করতে দেখা গেলেও আশপাশের রাস্তায় কোনো পুলিশ দেখা যায়নি। সেনাবাহিনীর পক্ষ থেকে বিডিআর সদস্যদের বার বার গুলি বন্ধ করার অনুরোধ জানানো হয়। তবে তাতে কাজ হয়নি। কিছুটা দূরে দূরে সাধারণ মানুষের ভিড় জমেছে। কেউ বলছেন, আরো কয়েকটি জেলায় বিডিআর বিদ্রোহ করেছে, যদিও নিশ্চিত করে কিছু বলছে পারলেন না। এক সময় শোনা গেল, দুপুর থেকে কারফিউ দেওয়া হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকেও এ খবরের সত্যতা পাওয়া গেল না। এরকম বিভিন্ন গুজব আর গুঞ্জন চারপাশে। বিডিনিউজ ২৪ ডটকম/এএমটি/এসকে/১৫৪১ঘ.