ঢাকা, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ ২৪ ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিডিআর সদর দপ্তরের পরিস্থিতি নিয়ে তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে বসেছেন।
বুধবার দুপুর ২টার পর সেনাবাহিনী প্রধান জেনারেল মইন উ আহমেদ, বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল এসএম জিয়াউর রহমান ও নৌ-বাহিনী প্রধান রিয়াল অ্যাডমিরাল জহিরউদ্দিন আহম্মেদ হেয়ার রোডে প্রধানমন্ত্রীর বাসভাবন হিসেবে ব্যবহৃত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেন।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীসহ সিনিয়র মন্ত্রীদের সঙ্গে পরিস্থিতি নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী।
দুপুর আড়াইটায় যমুনা থেকে বেরিয়ে বাণিজ্য মন্ত্রী ফারুক খান সাংবাদিকদের বলেন, 'আমরা একটি প্রতিনিধি দল পাঠিয়েছি। আলোচনা চলছে। আমরা বলেছি, তাদের কোনো দাবি দাওয়া থাকলে আমাদের জানাতে। আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান সম্ভব। আমরা আগেই জানতাম যে তাদের বেতন ভাতা নিয়ে কিছু সমস্যা ছিল। আশা করছি স্বরাষ্ট্রমন্ত্রী কিছুক্ষণের মধ্যে একটি বিবৃতি দেবেন এবং এর মধ্য দিয়েই সব সমস্যার সমাধান হবে।'
বিডিনিউজ ২৪ ডটকম/এসইউএম/এসএম/এএনএস/এসকে/১৪৫৯ঘ.
bdnews24