২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর সদরদপ্তরে গোলাগুলি

রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিক্ষুব্ধ বিডিআর সৈনিকরা বুধবার সকালে প্রচণ্ড গোলাগুলি করেছে। বিডিআর সৈনিকদের গুলিতে কয়েকজন উর্ধ্বতন কর্মকর্তা নিহত হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। তবে কর্তৃপক্ষের পক্ষ থেকে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। বিডিআর সদর দপ্তরে প্রধানমন্ত্রী শেখ হসিনা রাইফেলস সপ্তাহ ২০০৯ উদ্বোধন করার পরদিন এ ঘটনা ঘটলো। (আরো তথ্যসহ ৪)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2009, 05:09 AM

Updated : 26 Aug 2022, 11:06 AM

ঢাকা, ২৫ ফেব্র"য়ারি (বিডিনিউজ ২৪ ডটকম)- রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিক্ষুব্ধ বিডিআর সৈনিকরা বুধবার সকালে প্রচণ্ড গোলাগুলি করেছে। বিডিআর সৈনিকদের গুলিতে কয়েকজন উর্ধ্বতন কর্মকর্তা নিহত হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। তবে কর্তৃপক্ষের পক্ষ থেকে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। বিডিআর সদর দপ্তরে প্রধানমন্ত্রী শেখ হসিনা রাইফেলস সপ্তাহ ২০০৯ উদ্বোধন করার পরদিন এ ঘটনা ঘটলো। গুলিতে অন্তত একজন বেসামরিক লোক নিহত হয়েছে। এছাড়া অন্তত সাতজন আহত হয়েছে। সঙ্কট নিরসনে আলোচনার জন্য বিডিআর সদর দপ্তরে একটি প্রতিনিধি দল পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘটনাস্থল থেকে বিস্তারিত জানাচ্ছেন লিটন হায়দার, মারুফ মল্লিক,সায়েদুল ইসলাম তালাত, জান্নাতুল ফেরদাউস এবং রোহান জিয়াদ। উর্দ্ধতন পদে সেনাবাহিনীর কর্মকর্তাদের নিয়োগসহ কিছু বিষয়ে ক্ষোভ থেকে বিডিআর সদস্যরা বিদ্রোহ করে বলে অসমর্থিত সূত্রে জানা গেছে। বিডিআর সদস্যদের অবিলম্বে 'ধ্বংসাত্মক' কার্যকলাপ বন্ধ এবং অস্ত্র সমর্পণ করে ব্যারাকে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানিয়ে বলেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিডিআর সদস্যদের অভিযোগ ও সমস্যার কথা শুনবেন। সেনাবাহিনীর চারটি গাড়ি কামানসহ ধানমন্ডি ১৫ নম্বর এলাকায় ইবনে সিনা হাসপাতালের সামনে অবস্থান নিয়েছে। বিডিআর হেডকোয়ার্টারের সামনে দুটো জায়গা থেকে ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে। জিগাতলার একটি বহুতল ভবনের ছাদ থেকে দেখা যায়, সদর দফতরের ভেতরে বিডিআরের সশস্ত্র সদস্যরা ঘোরাফেরা করছেন। তাদের অনেকের মাথায় লাল কাপড় বাঁধা। সেনাবাহিনীর দুটো হেলিকপ্টার ওই এলাকার ওপর দিয়ে যাওয়ার চেষ্টা করলে বিডিআর সদস্যরা নিচ থেকে গুলি চালান। হেলিকপ্টার থেকেও পাল্টা গুলি চালানো হয়। এর আগে সেনাবাহিনীর সদস্যরা মাইকে বিডিআর সদস্যদের শান্ত হওয়ার অনুরোধ জানান। মাইকে বলা হয়, 'আপনারা অযথা গোলগুলি করবেন না। শান্ত থাকুন। আল্লাহর নাম নিন।' এর আগে সকাল নয়টার দিকে গোলাগুলি শুরু হয়। ১২টা পর্যন্ত বিডিআর'র ভেতরে থেমে থেমে গুলি ও বোমার শব্দ শোনা গেছে। সেখান থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। পিলখানার বাইরে সেনাবাহিনীর বেশ কিছু সদস্য অবস্থান নেন। ঘটনাস্থলে উপস্থিত সেনাবাহিনীর লোকজন সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলছেন না। তবে নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের কয়েকজন কর্মকর্তা বলেছেন, আগের দিন বিডিআর সপ্তাহের অনুষ্ঠান নিয়ে সেনা-বিডিআর দ্বন্দ্বের কথা তারা শুনেছেন। এ ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে সকাল ১০টার দিকে তলব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল নয়টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পিআরও শাহিনুর মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিডিআর সৈনিকদের মধ্যে বিদ্রোহ চলছে। সৈনিকরা উর্ধ্বতন কর্মকর্তাদের ঘেরাও করে রেখেছে।" এ ঘটনার সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে পিলখানায় বিডিআর সদরদপ্তরের মূল গেটের কাছে ও আশে পাশে মানুষজন জড়ো হতে থাকলে প্রথমে বিডিআর কর্মকর্তারা তাদেরকে সরে যেতে বলেন। পরে সৈনিকরা সাধারণ পথচারীদের ওপর গুলিবর্ষণ করে। সেনাবাহিনী অবস্থান নেওয়ার পর ধানমন্ডির সাতমসজিদ রোডে যান চলাচল বন্ধ করে দেয়। এলাকায় রাস্তার দুপাশে সেনা সদস্য, পুলিশ ও র‌্যাবের সদস্যরা অবস্থান নেয়। আশেপাশের কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। প্রত্যক্ষদর্শী এক রিক্সাওয়ালা জানান, তিনি পিলখানা থেকে ৫/৬ জন গুলিবিদ্ধ লোককে বের করতে দেখেছেন। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া আহতরা হলেন- বিডিআর ল্যান্স নায়েক বাবুল খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ৪র্থ বর্ষের ও বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের আবাসিক ছাত্রী কামরুন্নাহার, চা বিক্রেতা আখতার, দোকান কর্মচারী জহির, গার্মেন্টস কর্মী মনির হোসেন (১৮) এবং আল আমিন (১৮ ও ঢাকা কলেজের ছাত্র সাইদ আহমেদ রানা। এদের মধ্যে আখতার ও জহিরের অবস্থা আশঙ্কাজনক। বিডিআর সদরদপ্তরের ওপরে কয়েকটি হেলিকপ্টার উড়তে দেখা গেছে। সাড়ে বারোটার দিকে দেখা যায়, বিদ্রোহী বিডিআর সদস্যদের নিরস্ত্র করতে সেনাবাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে অভিযান চালাচ্ছে। ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক জানান, সদর দপ্তরের ভেতর থেকে বেসামরিক লোকজন কাছাকাছি গেলে তাদেরকে লক্ষ্য করে গুলি করা হচ্ছে। এক পর্যায়ে বিডিআর সদস্যরা তাদের জিগাতলার প্রধান ফটকে ভারি অস্ত্র নিয়ে অবস্থান নেয়। বিডিআর সোয়া ১১টার দিকে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হ্সাপাতাল লক্ষ্য করে গুলি করে। এতে ভবনটির কাঁচ ও এসি মেশিন ভেঙে আহত হয়েছে বেশ কয়েকজন দর্শনার্থী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআর/জেএফ/আরএইচএন/এজে/এফএফ/এসকে/১৩০৪ঘ.