২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সচিবালয়সহ আশপাশের এলাকায় আতঙ্ক

বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনার খবরে সচিবালয়সহ এর আশে পাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2009, 09:59 AM

Updated : 26 Aug 2022, 11:06 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ ২৪ ডটকম)- বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনার খবরে সচিবালয়সহ এর আশে পাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কারফিউ জারি করা হচ্ছে এমন গুজবে দুপুরের মধ্যেই সচিবালয়ের বেশিরভাগ কর্মকর্তা-কর্মচারি তাদের অফিস ত্যাগ করেন। বুধবার সকালে সচিবালয়ে গিয়ে দেখা যায়, সবাই দল বেঁধে টেলিভিশনের পর্দায় উৎসুক দৃষ্টিতে পিলখানার খবর দেখছেন। ঠিক কী ঘটছে সে প্রশ্নের জবাব পেতে একটির আরেকটি চ্যানেল টিউন করছিলেন তারা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার কক্ষে বেলা ১১ টার দিকে টেলিভিশন দেখছিলেন একই মন্ত্রণালয়ের কর্মচারি আনিস মিয়া। তিনি বিডিনিউজ ২৪ ডটকমকে বলেন, "আসলে পিলখানায় কি ঘটেছে তার কোনো খবর পাচ্ছিনা। এ জন্যই এখানে এসেছি খবর নিতে।" বেলা ১২ টার দিকে সেনাবাহিনী মোতায়েনের খবর প্রচার হলে সচিবালয়ে উপস্থিত লোকজনের মধ্যে আরও আতঙ্ক ছড়িয়ে পড়ে। সচিবালয় ঘিরে একটি হেলিকপ্টারও বেশ কয়েকবার চক্কর দেয়। গেটে ভিড় করা অনেক দর্শনার্থী এসময় সচিবালয় এলাকা ত্যাগ করেন। এদেরই একজন শামীম আহমেদ বলেন, "পরিস্থিতি ভালো মনে হচ্ছে না। শিক্ষা মন্ত্রণালয়ে একটি জরুরি কাজে কিশোরগঞ্জ থেকে ঢাকায় এসেছিলাম। কিন্তু পিলখানার ঘটনার পর ঢাকায় থাকা ঠিক হবে না। তাই বাড়ি চলে যাচ্ছি।" দুপুর ১ টার দিকে রাজধানীতে গুজব ছড়িয়ে পড়ে ৩ টা থেকে কারফিউ জারি হচ্ছে। এই খবরে সচিবালয়সহ আশেপাশের লোকজন অফিস ত্যাগ করে ঘরমুখী হন। এ সময় রাস্তায় যানবাহনের সংখ্যাও অস্বাভাবিক রকমে কমে যায়। বিডিনিউজ ২৪ ডটকম/পিসি/এসকে/২০১৫ঘ.