২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দশ ট্রাক অস্ত্র মামলার দুই আসামি ফের রিমান্ডে

চট্টগ্রামে দশ ট্রাক অস্ত্র মামলার দুই আসামিকে আবারও চার দিনের রিমান্ডে নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার দুই আসামি হাফিজুর রহমান ও দীন মোহাম্মদের চারদিনের রিমান্ড মঞ্জুর করেন মহানগর হাকিম মাহাবুবুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2009, 12:11 PM

Updated : 26 Aug 2022, 11:06 AM

চট্টগ্রাম, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ ২৪ ডটকম)- চট্টগ্রামে দশ ট্রাক অস্ত্র মামলার দুই আসামিকে আবারও চার দিনের রিমান্ডে নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার দুই আসামি হাফিজুর রহমান ও দীন মোহাম্মদের চারদিনের রিমান্ড মঞ্জুর করেন মহানগর হাকিম মাহাবুবুর রহমান। আসামিপক্ষের আইনজীবী রানা দাশগুপ্ত বিডিনিউজ ২৪ডটকমকে বলেন, "শুনানি শেষে আদালত চারদিনের রিমাণ্ড মঞ্জুর করেছে।" এর আগে গত ১৫ ফেব্র"য়ারি এই দুই আসামির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। পরে ১৯ ফেব্র"য়ারি থেকে তাদের জিঞ্জাসাবাদ শুরু হয়। মঙ্গলবার তদন্ত কর্মকর্তা সিআইডি'র সহকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জামান মামলার তদন্তের স্বার্থে অধিকতর জিঞ্জাসাবাদের জন্য পুনরায় রিমান্ডের আবেদন জানালে বুধবার আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করে। গত ১৮ জানুয়ারি আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলার অধিকতর তদন্তের জন্য আদালত আইও পরিবর্তনের আদেশ দেয়। এই পরিপ্রেক্ষিতে সিআইডির সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান চৌধুরীকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। কর্ণফুলী নদী তীরবর্তী চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার (সিউএফএল) ঘাটে ২০০৪ সালের ২ এপ্রিল মধ্যরাতে ট্রলার থেকে খালাসের সময় পুলিশ দশ ট্রাক অস্ত্র আটক করে। অত্যাধুনিক অস্ত্রের এ বিরাট চালানটি নিয়ে তখন দেশব্যাপী ব্যাপক আলোচনা হয়। অস্ত্র উদ্ধারের পর সেদিন রাতে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহাদুর রহমান বাদি হয়ে অস্ত্র মামলায় ৪৩ জনকে এবং চোরাচালান মামলায় ৪৪ জনকে আসামি করে পৃথক দুটি মামলা দায়ের করেন। ২০০৬ সালের ১৭ জানুয়ারি থেকে এ মামলা দুটির বিচার কার্যক্রম শুরু হয়। ২০০৪ সালের ২৫ আগস্ট মামলা দুটির অভিযোগপত্র দাখিল এবং ২০০৫ সালের ২৩ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। বিডিনিউজ ২৪ ডটকম /এমসি/আরএআর/এএল/এইচএ/২৩০১ঘ.