২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআরের অন্যান্য ব্যাটালিয়ন দপ্তর, ক্যাম্পে পরিস্থিতি শান্ত

রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে গোলাগুলি হলেও দেশে বিডিআরের অন্যান্য ব্যাটালিয়ন দপ্তর, ক্যাম্প ও সীমান্ত চৌকিগুলো শান্ত রয়েছে বলে জানা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2009, 12:43 PM

Updated : 26 Aug 2022, 11:06 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ২৪ডটকম)- রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে গোলাগুলি হলেও দেশে বিডিআরের অন্যান্য ব্যাটালিয়ন দপ্তর, ক্যাম্প ও সীমান্ত চৌকিগুলো শান্ত রয়েছে বলে জানা গেছে। এসম্পর্কে বিডিনিউজ ২৪ ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর: খুলনা: ঢাকার ঘটনায় খুলনার গোয়ালখালিতে বিডিআর দপ্তরে সিপাহীদের মধ্যে কিছুটা উত্তেজনা ছড়ালেও অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। খুলনা বিডিআর দপ্তরের মেজর সাব্বির আহমেদ বিডিনিউজ২৪ডটকমকে বলেন, "ঢাকায় সদর দপ্তরে বিডিআর সদস্যদের বিদ্রোহের ঘটনায় খুলনার বিডিআর জওয়ানদের মধ্যে বেলা ১১টার দিকে কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়ে। সাড়ে ১১টার পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।" ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও ২০ রাইফেল ব্যাটালিয়ন দপ্তর শান্ত রয়েছে বলে জানিয়েছেন দপ্তরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস শাহেদ কামাল। তিনি বলেন, "বিডিআর কর্মকর্তা-কর্মচারীরা সকাল থেকে স্বাভাবিকভাবে দাপ্তরিক কাজ করেছেন। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক।" বান্দরবান: ঢাকায় বিডিআর সদর দপ্তরে গোলাগুলির কোনো বিরূপ প্রভাব পড়েনি বান্দরবানের বলিপাড়া ও নাইক্ষ্যংছড়ি বিডিআর ব্যাটালিয়ন ক্যাম্পে। বান্দরবান ৬৯ পদাতিক ব্রিগেডের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, "ঢাকার ঘটনার কোনো বিরূপ প্রভাব বান্দরবানে নেই। এখানে নাইক্ষ্যংছড়ি ১৫ ও থানচির বলিপাড়া ১০ রাইফেলস ব্যাটালিয়নে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।" টিভিতে বিডিআর-সেনাবাহিনীর গোলাগুলির খবর দেখে বান্দরবানে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দেয়। বিশেষ করে যাদের আত্মীয়স্বজন ঢাকায় অবস্থান করছেন তারা খবর জানতে উদ্বিগ্ন হয়ে পড়েন। রাজশাহী: ঢাকায় গোলাগুলির ঘটনায় রাজশাহী বিডিআর সেক্টরের অধীনে সব ব্যাটালিয়ন ও ক্যাম্পে পরিস্থিতি শান্ত রয়েছে। বিডিআরের রাজশাহী সেক্টরের নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, রাজশাহী সেক্টরের অধীন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ ব্যাটালিয়নে পরিস্থিতি শান্ত রয়েছে। একইসঙ্গে অধীনস্থ সকল সীমান্ত ফাঁড়ি ও ক্যাম্পের পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে বলে জানান ওই কর্মকর্তা। রংপুর: শহরের সিও বাজার এলাকায় বিডিআর দপ্তরে প্রবেশের সব গেট বুধবার ছিল বন্ধ। বিডিআর-এর নিরাপত্তা কর্মীদের কয়েকজনকে গেটের বাইরে দায়িত্ব পালন করতে দেখা যায়। সাতক্ষীরা: সাতক্ষীরা সীমান্তে বিডিআর-এর টহল জোরদার করা হলেও ঢাকার বিদ্রোহের প্রভাব পড়েনি সেখানে। সাতক্ষীরা বিডিআর ৪১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শামস বলেন, "সাতক্ষীরার কোথাও কোনো সমস্যা হয়নি। বিডিআর জওয়ানরা নিজ নিজ দায়িত্ব পালন করছেন।" সাতক্ষীরা নীলডুমুর বিডিআর ৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফ বলেন, "হেড কোয়ার্টারের এ ঘটনায় সীমান্তে চোরাকারবারীরা যাতে কোনো সুযোগ না নিতে পারে সেদিকে নজর রাখা হয়েছে।" সিলেট: নগরীর আখালিয়ায় ৩৮ রাইফেল ব্যাটালিয়ন সদর দপ্তর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ৩৮ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল সালাহ উদ্দিন বলেন, "সিলেটে পরিস্থিতি শান্ত। এখানে কারও কোনো দাবি-দাওয়াও নেই। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।" জামালপুর: জামালপুর ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান জানিয়েছেন, ক্যাম্পের জওয়ানরা শান্ত রয়েছেন। জেলার সীমান্তবর্তী কামালপুর, পাথরের চর, ঝাউডাঙ্গা ও সাতানীপাড়া ক্যাম্পের কমান্ডিং অফিসার জিল্লুর রহমান বলেন, "বিডিআরের জওয়ানরা শান্তিপূর্ণভাবে দায়িত্ব পালন করছে।" নওগাঁ: নওগাঁর দু'টি বিডিআর ক্যাম্পে জওয়ানরা সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ অবস্থায় রয়েছে বলে অধিনায়করা নিশ্চিত করেছেন। নওগাঁ ৪৩ রাইফেল ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আফতাজ উদ্দিন বলেন, "এখানে ঢাকা সদর দপ্তরের অসন্তোষ ও গোলাগুলির ঘটনার কোনো প্রভাব পড়েনি। আমরা ভাল আছি। কোনো সমস্যা নেই।" ৪৬ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল ইসলামও একই কথা বলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এইচএ/২২৪৮ঘ.