ঢাকা, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানার 'বিদ্রোহ' নিয়ে প্রধান মন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিডিআর এর আলোচনা 'ফলপ্রসূ' হয়েছে বলে সংসদকে জানিয়েছেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।
বুধবার এ বিষয়ে সংসদে অনির্ধারিত আলোচনায় বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবদীন ফারুক বিডিআর সদর দপ্তরের ঘটনাকে 'অনাকাঙ্খিত' অভিহিত করে এ বিষয়টি জাতিকে জানাতে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে একটি বিবৃতি দেওয়ার আহ্বান জানান।
কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে উপস্থিত না থাকায় এর জবাবে সাজেদা চৌধুরী বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও অন্যান্য কর্মকর্তা বিডিআর সদর দপ্তরের সঙ্কট নিরসনের চেষ্টা করছেন। আলোচনা 'ফলপ্রসূ' হয়েছে বলেও খবর পেয়েছি।
এ বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জাতিকে অবহিত করবেন বলে সংসদ উপনেতা জানান।
এর আগে এ বিষয়টি নিয়ে সরকারি দলের চিফ হুইপ আব্দুস শহীদ বক্তব্য দেওয়ার পর সরকার দলীয় সাংসদ রাশেদ খান মেনন বলেন, আপনি এবিষয়ে বক্তব্য দিতে পারেন না। এটা সংসদের রীতি বহির্ভূত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এইচএ/এসকে/২২২৪ঘ.
bdnews24