ঢাকা ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ ২৪ ডটকম)- বৃহস্পতিবার সকালে কামরাঙ্গীর চরে আরও ছয় সেনা কর্মকর্তার লাশ পাওয়া গেছে।
নিহতরা হচ্ছেন- কর্নেল জাহিদ, কর্নেল কামরুজ্জামান, লে. কর্নেল আকবর, কর্নেল আনিসুজ্জামান, কর্নেল আফতাব ও ক্যাপ্টেন পদমর্যাদার একজন কর্মকর্তা (তার র্যাঙ্ক ব্যাজ থাকলেও পরিচয় পাওয়া যায় নি)।
নিহতদের আত্মীয়-স্বজনরা নবাববগঞ্জ পার্কে গিয়ে লাশ শণাক্ত করেন।
কামরাঙ্গীর চর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুদ্দিন খান বিডিনিউজ ২৪ ডটকমকে জানান, বৃহস্পতিবার সকালে কামরাঙ্গীরচরে আরো ছয়টি লাশ পাওয়া গেছে। মৃতদেহগুলো কামরাঙ্গীর চর থানার তত্ত্বাবধানে রয়েছে।
এনিয়ে বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় অন্তত আটজন সেনা কর্মকর্তা নিহত হওয়ার খবর পাওয়া গেল।
বুধবার এ এলাকায়ই দুই সেনা কর্মকর্তার লাশ পাওয়া যায়। নিহত ওই দুই সেনা কর্মকর্তার একজন হলেন এবার বিডিআর সপ্তাহের প্যারেড কমান্ডার ও অপারেশন ডালভাত টাস্কফোর্স কমান্ডার। অন্যজন হলেন ৩৬ ব্যাটালিয়নের কমাণ্ডার লেফটেন্যান্ট কর্নেল এনায়েত।
কামরাঙ্গীরচর থানার সহ-পরিদর্শক আতাউর রহমান বিডিনিউজ ২৪ ডটকমকে জানান, বুধবার দুপুরে নবাবগঞ্জ কাঁচাবাজারের ড্রেন থেকে কর্নেল মুজিবুল হক ও লেঃ কর্নেল এনায়েতের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। গুলি করে হত্যার পরে তাদের লাশ পিলখানার ড্রেনে ফেলে দিলে তা ভেসে এখানে চলে আসে।
সহ-পরিদর্শক আতাউর রহমান জানান, লাশ উদ্ধারের পরে তারা সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠিয়ে দেন।
বুধবার সকালে পিলখানায় বিডিআর জওয়ানদের বিদ্রোহের প্রথমভাগে এই দুই উর্ধ্বতন সেনা কর্মকর্তা নিহত হন বলে ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/জিএমএ/এমএইচসি/এইচএ/১১৫৩ঘ.
bdnews24