২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নগর জুড়ে অনিশ্চয়তা

বিডিআর সদরদপ্তরে গোলাগুলি শুরু হওয়ার পর থেকে উদ্বেগ আর আতঙ্ক ভর করে নগরবাসীর ওপর। ছড়াতে থাকে গুজব। বুধবার দুপুর পর্যন্ত কেউই পরিষ্কার কোনও ধারণা পাচ্ছিলেন না কী হচ্ছে সেখানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2009, 05:09 PM

Updated : 26 Aug 2022, 11:06 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বিডিআর সদরদপ্তরে গোলাগুলি শুরু হওয়ার পর থেকে উদ্বেগ আর আতঙ্ক ভর করে নগরবাসীর ওপর। ছড়াতে থাকে গুজব। বুধবার দুপুর পর্যন্ত কেউই পরিষ্কার কোনও ধারণা পাচ্ছিলেন না কী হচ্ছে সেখানে। মানুষের মুখে মুখে ঘুরছিল বিডিআর সদর দপ্তরে শত শত মানুষকে হত্যা করা হয়েছে, সেনাবাহিনী আর বিডিআর সদস্যদের মধ্যে যুদ্ধ লেগেছে, নগরীতে কারফিউ দেওয়া হচ্ছে এ ধরনের নানা তথ্য। প্রতিটি টিভি চ্যানেলেই কমবেশি ফলাও করে প্রচার করা হচ্ছিল ঘটনাটি। সবাই গুলির শব্দ শুনছিলেন। কিন্তু কারা কাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ছে সে বিষয়ে পরিষ্কার কোনও ধারণা পাচ্ছিলেন না নগরবাসী। এর মাঝে গুলিতে বেসামরিক লোক হতাহত হওয়ার খবর ছড়িয়ে পড়ায় আতঙ্ক আরও জেঁকে ধরে। এরই মধ্যে ছড়িয়ে পড়ে কারফিউ জারির গুজব। কাজ থেকে মানুষ দ্রুত বাড়িতে ফিরতে শুরু করে। কিন্তু রাস্তায় পরিবহন ছিল খুবই কম। এ কারণে বাসগুলোতে তিল ধারণের ঠাঁই ছিল না। যাদের বাসা দূরে তাদের অনেকেই আশেপাশের আত্মীয়-বন্ধুদের বাসায় চলে যান। মীরপুর সড়কটি ধানমণ্ডির পর থেকেই বন্ধ করে রেখেছিল পুলিশ। হাজারীবাগ, সায়েন্স ল্যাবরেটরি হয়ে জিগাতলার সড়কগুলোতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। তবে পিলখানার সবগুলো ফটকের আশেপাশেই ছিল উৎসুক জনতার ভিড়। এদের সামলাতেই মাঝে মাঝে লাঠি চালাতে হয়েছে পুলিশকে। প্রতিদিনের মতোই বুধবার সকাল ১০টার দিকেই নিউমার্কেটে নিজের দোকানের দিকে যাচিছলেন ব্যবসায়ী বদিউজ্জামান লাবলু। পুরনো ঢাকা থেকে নিউমার্কেটের দিকে আসতে শাহনেওয়াজ হলের মোড়ে (বটতলা) সেনা সদস্যরা তাকে বাধা দিচ্ছিলেন। এর মধ্যে কিছু বুঝে ওঠার আগেই লাবলুর মাথার একটু ওপর দিয়ে কয়েকটি গুলি ছুটে যায়। র‌্যাব ও সেনাসদস্যদের পরামর্শে শুয়ে পড়ে বেঁচে যান তিনি। রিক্সায় চড়ে পিলখানার পাশ দিয়ে কামরাঙ্গির চরে যাচ্ছিলেন এমব্রয়ডারি শ্রমিক মনির হোসেন। হঠাৎ করে তার ডান গালে একটি গুলি এসে লাগে। রিক্সা থেকে মাটিতে পড়ে যান তিনি। প্রতিদিনের মতোই সকালে মীরপুর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন শারমিন ইসলাম শর্মি। পিলখানার ভেতরে গোলাগুলি শুরু হওয়ার পর যখন বাসায় ফিরতে চাচ্ছিলেন তখন আর কোনও যানবাহন পাচ্ছিলেন না তিনি। বাসগুলোতে পা রাখার জায়গা নেই। আর কোনও বাহনও নেই। এক পর্যায়ে শাহবাগ মোড়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। বিডিআর তিন নম্বর গেট সংলগ্ন বাসার গৃহিনী নাসরিন বেগম জানালেন, তার ৬ বছরের ছেলে লাবিব সকাল থেকে ভয়ে কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়ে। দুপুরের দিকে প্রচণ্ড জ্বর আসে তার। নিউমার্কেটের কাঁচামাল ব্যাবসায়ী আনসার আলীর বাবা আমজাদ আলী মারা গেছেন গুলিবিদ্ধ হয়ে। আনসার জানালেন, তার বাবা ওষুধ কিনতে বের হলে গুলিবিদ্ধ হন। তাদের বাসা হাজারীবাগের টালি অফিস এলাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হলের ছাত্রী পম্পা জানান, বুধবার দুপুরে তার ক্লাস ধরতে অ্যানেক্স ভবনে যাওয়ার কথা ছিল। কিন্তু গোলাগুলি শুরু হওয়ার পর তারা সবাই আতঙ্কিত দিন কাটিয়েছেন। গ্রামের বাড়ি রংপুর থেকে টিভিতে খবর দেখে তার বাবা-মা বারবার উদ্বিগ্ন হয়ে ফোন করছিলেন। বাড়িতে কান্নার রোল পড়ে গিয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/১৬০৫ঘ.