ঢাকা, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ ২৪ ডটকম)-- স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সঙ্গে রাত ৪টার দিকে বিডিআর সদর দপ্তর থেকে আটকে পড়া অনেকের সঙ্গে বেরিয়ে আসেন লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ কামরুজ্জামানের ছেলে সৈয়দ ইমামুজ্জামান ।
তিনি বোন, মা ও দু গৃহকর্মীকে নিয়ে ব্যাক্তিগত গাড়িতে বের হয়ে আসেন।
ইমামুজ্জামান গেটের অদূরে অপেক্ষমান সাংবাদিকদের বলেন, "অনেক বাসায় লুটপাট হয়েছে। হতাহতের কোনও খবর জানি না। পুরো বিডিআর অন্ধকার।
"সকাল (বুধবার) সাড়ে ৯টায় দরবার হলে বাবা ছিলেন, তখন তার সঙ্গে ফোনে কথা হয়েছে। তিনি আমাকে বলেছেন, 'যতোই বেল দিক দরজা খুলবে না। আর গুলি করে যাবো, বঁ^াচলে বাঁচবো।'
ইমামুজ্জামান বলেন, "আমার বাবা এখনও দরবার হলে আটকা আছেন। আমার বাবাকে বাঁচান।"
ইমামুজ্জামান জানান, অনেক বাসায় ভাংচুর, লুটপাট হয়েছে। ভেতরের অবস্থা এখনও অনেক গরম।
তিনি বলেন,"সাহারা খাতুন যখন আমাদের নিয়ে এলেন তখনও গোলাগুলি চলছিল। অনেকেই অস্ত্র জমা দেয়নি। তারা বলছে, তাদের দাবি না মানা পর্যন্তঅস্ত্র জমা দেবে না।
"আমার বাসা আর আমার পেছনের বাসায় শুধু কিছু হয়নি। ডিজির বাসায় কোনও হৈ চৈ ছিলনা। সেক্টর কমান্ডারের বাসায় বোমা মারা হয়েছিল এটা দেখেছি। আমার সামনের নতুন (১০ নম্বর) ভবনে দু'টি বোমা মারা হয়েছে।"
ইমামুজ্জামান আরো জানান, যতো গাড়ি বিল্ডিংয়ের নীচে ছিল, গ্যারেজে ছিল সব ভেঙেছে বিদ্রোহীরা। তাতে আগুনও দিয়েছে।
তার গ্যারেজ ভাঙতে পারেনি তাই গাড়ি বেঁচে গেছে বলে জানান তিনি। তাদের ভবনের সব কাঁচ ভেঙে ফেলেছে বিডিআর জওয়ানরা।
বিডিনিউজ ২৪ ডটকম/জিএমএ/এইচএ/০৬২৬ঘ.
bdnews24