ঢাকা, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ ২৪ ডটকম)-- স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন রাত ৪টার দিকে বিডিআর সদর দপ্তর থেকে বেরিয়ে এসেছেন। তার পেছনে কয়েকটি গাড়িতে বিডিআর অফিসারদের প্রায় ১৫টি পরিবার বের হয়।
সাহারা খাতুনের নিয়ে যাওয়া বুলেট প্র"ফ গাড়িতে ছিল দু'টি পরিবার। একটি গাড়িতে ছিল স্কুল ব্যাগ কাঁধে একটি শিশু।
তার পেছনে ছিল ঢাকা মেট্রো-গ ১২৬০৫৩ নম্বরের একটি টয়োটা কারিনা, ঢাকা মেট্রো-২৩৬২৪৮ নম্বরের একটি টয়োটা ফিল্ডার এবং গাজীপুর-জ ০৪০৪২৩ নম্বরের একটি বাস।
একটি গাড়ি থেকে লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ কামরুজ্জামানের ছেলে সৈয়দ ইমামুজ্জামান বলেন, "আমার বাবা এখনও দরবার হলে আটকা আছেন। আমার বাবাকে বাঁচান।" ইমামুজ্জামান বলেন বিডিআর সদস্যরা তাদের বাড়িতে ভাংচুর করেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বাইরে এসে সাংবাদিকদের বলেন, "তারা আমাকে ভেতরে দরবার হলের কাছে একটি মাঠে নিয়ে যায়। তারা তাদের বিভিন্ন অভাব অভিযোগ খুলে বলল। আমরা তাদের কথা দিয়েছি- মাননীয় প্রধানমন্ত্রী যে আশ্বাস দিয়েছেন তা রক্ষা করা হবে।"
ভেতরে বেশ কয়েকজন নিহত হয়েছেন বলে ভেতরে যাওয়া মন্ত্রীদের উদ্ধৃত করে একাধিক টিভি চ্যানেল জানিয়েছে।
বিটিভির সৌজন্যে এটিএন বাংলা চ্যানেলে অস্ত্র সমর্পণের পাশাপাশি সাহারা খাতুনের বাড়ি বাড়ি গিয়ে অফিসারদের পরিবারের সদস্যদের বের করে আনতে দেখানো হয়। তাদের অনেককেই দেখা যায় মানসিকভাবে রীতিমত বিধ্বস্ত।
সাহারা খাতুন আরও বলেন, বিডিআর সদস্যদের তিনি বলেছেন- 'আমি তোমাদের মায়ের মতো। আমাকে তোমরা বিশ্বাস করতে পার। এখানে কিছুতেই সেনাবাহিনী আসবে না। "
বিদ্রোহী বিডিআর সদস্যরা অস্ত্রাগারে অস্ত্র জমা দেয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বিডিনিউজ ২৪ ডটকম/এসইউএম/ডিডি/এসকে/১৬৪০ঘ.
bdnews24