ঢাকা, ফেব্রয়ারি ২৬ (বিডিনিউজ ২৪ ডটকম) - অবিলম্বে অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিডিআরের বিদ্রোহী সদস্যদের সতর্ক করে বলেছেন, অন্যথায় দেশের স্বার্থে যেকোন কঠোর পদক্ষেপ নেওয়া হবে। (আরও তথ্যসহ-১)
তিনি বলেন, "এই মুহূর্তে অস্ত্র সমর্পণ করে ব্যারাকে ফিরে যান। অন্যথায় দেশের স্বার্থে যেকোন পদক্ষেপ নিতে বাধ্য থাকবো; আমাকে বাধ্য করবেন না।"
বৃহস্পতিবার বেলা আড়াইটায় জাতির উদ্দেশে এক সংক্ষিপ্ত ভাষণে হাসিনা এ কথা বলেন।
পিলখানার বিদ্রোহী বিডিআর জওয়ানদের অস্ত্র সমর্পণের জন্য বেধে দেওয়া সময় পার হওয়ার প্রায় আধঘণ্টা পর প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে এ ভাষণ দিলেন।
প্রধানমন্ত্রী বিদ্রোহী বিডিআরদের ধৈর্য্য ধরে শান্তি বজায় রাখার আহ্বান জানান।
তিনি বলেন, "প্রতিশোধ নিতে গিয়ে আর কোনো ক্ষতি হোক চাই না।
সংঘাত আরো সংঘাত বাড়ায়; সংযত হোন, আমি আশ্বস্ত করছি আপনাদের কোন ক্ষয়ক্ষতি হবে না।"
প্রধানমন্ত্রী আরও বলেন, "জনগণের উন্নয়নের জন্য যখন সরকার চেষ্টা করছে তখন এ ধরনের অবাঞ্ছিত ঘটনা ঘটানো হচ্ছে।"
হাসিনা পুলিশ, বিডিআর ও সশস্ত্র বাহিনীকে যেকোন মহলের উসকানি থেকে সতর্ক থাকার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বিদ্রোহীদের আশ্বস্ত করে বলেন, "সংযত হোন, আপনারা অস্ত্র সমর্পণ করুন, আপনাদের কোন ক্ষতি হবে না। এমন কোন আত্মঘাতি পথ বেছে নেবেন না যাতে করে আমাকে দেশবাসীর স্বার্থে কঠোর হতে হয়।"
তিনি বিডিআর বিদ্রোহে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বলেন, "স্বজনহারার ব্যথা কি তা আমার চেয়ে কেউ বেশি জানে না। পিলখানার অনাখাঙ্খিত ঘটনার জন্য আমি অত্যন্ত মর্মাহত।"
আহতদের সুচিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।
হাসিনা জানান, ঘটনা তদন্তের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি করা হয়েছে।
তিনি বলেন, "ঘটনার সঙ্গে সঙ্গে সমাধানের প্রচেষ্টা চালানো হচ্ছে। বিডিআরের একটি দল আমার সঙ্গে দেখা করে দাবি দাওয়া তুলে ধরেন এবং সাধারণ ক্ষমার অনুরোধ জানান। আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধানের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।"
প্রধানমন্ত্রী আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, " চেইন অব কমান্ড মানতে হবে; ধৈর্য্য ধারণের অনুরোধ করছি। আমি আশা করবো আপনারা আত্মঘাতি সংঘাতের পথ বেছে নেবেন না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএসবি/এমএইচসি/এএল/এসকে/১৪৪৮ ঘ.
bdnews24