ঢাকা, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ ২৪ ডটকম)- কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এবং আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের সঙ্গে আলোচনার পর বিদ্রোহী বিডিআর এর প্রতিনিধি দল জানিয়েছে, বেলা ২টার মধ্যে তারা অস্ত্র সমর্পণ শেষ করবেন। (আরও তথ্যসহ-২)
পিলখানা সদরদপ্তরে আটকেপড়া পরিবারগুলোকে উদ্ধারের জন্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর নেতৃত্বে সরকারের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার সকাল সাতটার দিকে সদরদপ্তরের গেটে যান। পরে বিডিআর সদরদপ্তরের অদূরে হোটেল আম্বালা ইন-এ সকাল ১০টার দিকে তাদের মধ্যে এ আলোচনা শুরু হয়।
প্রতিনিধি দলে ছিলেন- এলজিআরডি প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সংসদের হুইপ মির্জ্জা আজম, সাংসদ ফজলে নূর তাপস, পুলিশের মহা-পরিদর্শক নূর মোহাম্মদ ও মহানগর পুলিশ কমিশনার নাইম আহমেদ।
আলোচনার পর বিদ্রোহী বিডিআর'র প্রতিনিধি ১০ জওয়ানের একজন সাংবাদিকদের বলেন, "দুপুর ২টার মধ্যে অস্ত্র কোঁতে জমা দেওয়া হবে। চাবি থাকবে তৌহিদ স্যারের কাছে। আমরা সকল জওয়ানকে শান্ত হওয়ার আহ্বান জানাচ্ছি।"
সরকারি প্রতিনিধি দলের সদস্য স্থানীয় সাংসদ ফজলে নূর তাপস সাংবাদিকদের বলেন, "সিনিয়র বিধায় ডিএডি তৌহিদকে বিডিআর সদস্যরা তাদের নেতা হিসেবে মেনে নিতে সম্মত হয়েছেন। তারা তার অধীনে অস্ত্র সমর্পণ করবেন। এরপর সকল জীবিত জিম্মিকে মুক্তি দেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়েছে।"
এর আগে বুধবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারি কর্মকর্তাদের সঙ্গে বিদ্রোহী বিডিআর সদস্যদের কয়েক দফা আলোচনা হয়।
বিডিনিউজ ২৪ ডটকম/এলএইচ/এসআইটি/এজে/এইচএ/১২৩০ ঘ.
bdnews24