২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সব অস্ত্র সমর্পণ করা হয়েছে :বিদ্রোহী বিডিআর

সব অস্ত্র সমর্পণ করা হয়েছে বলে দাবি করেছেন বিদ্রোহী বিডিআর সদস্যরা। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে বিডিআর সদর দপ্তরের প্রধান গেটে অবস্থান করা সদস্যরা দাবি করেন তারা অস্ত্র জমা দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2009, 07:32 AM

Updated : 26 Aug 2022, 11:06 AM

ঢাকা, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সব অস্ত্র সমর্পণ করা হয়েছে বলে দাবি করেছেন বিদ্রোহী বিডিআর সদস্যরা। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে বিডিআর সদর দপ্তরের প্রধান গেটে অবস্থান করা সদস্যরা দাবি করেন তারা অস্ত্র জমা দিয়েছেন। ইউনুস নামের বিডিআর এর একজন সদস্য সাংবাদিকদের বলেন," আমরা সব অস্ত্র জমা দিয়েছি। অস্ত্রগুলো ৪০টি কক্ষে রেখে তালা মেরে চাবি স্বরাষ্ট্র মন্ত্রীর হাতে দেওয়া হয়েছে।" এর আগে পৌনে ৫টার দিকে সাদা পতাকা উড়িয়ে সরকারী প্রতিনিধিদের সঙ্গে বিডিআর সদস্যদের বৈঠক হয়। ২০ মিনিট স্থায়ী এ বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী, জাহাঙ্গীর কবির নানক, মীর্জা আজম ও আসাদুজ্জামান নূর অংশ নেন। একটু পরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এসে বৈঠকে যোগ দেন। এর পর তারা বিডিআর সদর দপ্তরের বিভিন্ন জায়গা ঘুরে কোথাও কেউ আটকা পড়ে আছে কিনা তা খোঁজ করে দেখেন। র‌্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার বলেন, পিলখানা থেকে পালিয়ে যাওয়া উল্লেখযোগ্য সংখ্যক বিডিআর সদস্য ধরা পড়েছে। তাদের নিরাপদ আশ্রয়ে রাখার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, অধিকাংশ ধরা পড়ে লালবাগ ও নবাবগঞ্জ এলাকা থেকে। তাদের কয়েকজনকে আবাহনী মাঠের কাছে রাখা হয়েছে। সন্ধ্যায় পুলিশ জিগাতলা মোড়ে জনতার ভিড় ছত্রভঙ্গ করতে কাদুনে গ্যাস নিক্ষেপ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআরএফ/এসটি/আরবি/১৮২৯ঘ.