২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দেয়াল টপকে পালানোর সময় ১৬ বিডিআর সদস্য আটক

বিডিআর সদরদপ্তরের এক নম্বর ফটকের কাছে মোট ১৬ জওয়ানকে আটক করেছে র‌্যাব। প্রাচীর টপকে পালিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2009, 07:00 AM

Updated : 26 Aug 2022, 11:06 AM

ঢাকা, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর সদরদপ্তরের এক নম্বর ফটকের কাছে মোট ১৬ জওয়ানকে আটক করেছে র‌্যাব। প্রাচীর টপকে পালিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে মেজর কামাল হোসেনের নেতৃত্বে র‌্যাবের একটি দল প্রথম দফায় আট জন এবং পরে সাড়ে পাঁচটার দিকে আরও আট জনকে আটক করে। এদের একজন সাংবাদিকদের জানান, দরবার হলে বুধবার সকাল ৯টার দিকে মহাপরিচালক এবং উপ-মহাপরিচালকের সঙ্গে সিপাহীদের বাকবিতণ্ডার এক পর্যায়ে সিপাহীরা দুইজনকেই গুলি করে। অন্য কর্মকর্তাদের তাদের দপ্তরে গিয়ে গুলি করে মারা হয়েছে। র‌্যাব-১০ এর সহকারী কমান্ডিং অফিসার মেজর কামাল জানান, প্রাচীরের বাইরে তারা পাহারা দিচ্ছেন। তিনি বলেন, "সম্ভাব্য অভিযানের আগে সদরদপ্তরের ভেতর থেকে কেউ বের হচ্ছে কি না- তা আমরা নজর রাখছি। গ্রেপ্তারকৃতদের আবাহনী মাঠে অস্থায়ী সেনাক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে।" নতুন আটকরা হলেন- সুবেদার দেলোয়ার, সিপাহী নাজির হোসেন, জাহিদুল ইসলাম, হুমায়ুন কবির, নির্মল সেন, ইমরান, আনোয়ার হোসেন ও রাকিবুল হাসান। আটকের পর রাকিবুল হাসান বলেন, "সদরদপ্তরের দরবার হলে ঘটনার দিন বুধবার সকাল ৯টার দিকে মহাপরিচালক এবং উপ-মহাপরিচালকের সঙ্গে সিহাহীদের বাকবিতণ্ডার এক পর্যায়ে সিপাহীরা দুইজনকেই গুলি করে। অন্যান্য কর্মকর্তাদের তাদের দপ্তরে গিয়ে গুলি করে মারা হয়েছে। এরপর সিপাহীরা কোয়ার্টার গার্ড রুম ভেঙে অস্ত্র নিয়ে বিদ্রোহ ঘোষণা করে।" সাংবাদিকদের কাছে রাকিবুল দাবি করেন, তিনি বিদ্রোহের সঙ্গে যুক্ত হননি বলে তাকে তিন নম্বর ফটকের কাছে একটি বাড়িতে অন্য আরো কয়েকজন সদস্যের সঙ্গে আটক করে রাখা হয়। দুপুরের পর বিদ্রোহীরা ওই স্থান ছেড়ে গেলে তারা মুক্ত হয়ে পালিয়ে আসেন। এর আগে আটক আট সদস্য হলেন- সিপাহী খালেকুজ্জামান তরফদার, সিপাহী তৌহিদ ও হাবিলদার মোতাহার, সিপাহী ওসমান, ল্যান্সনায়েক আর কে কামারুজ্জামান, নায়েক সুবেদার নাসির, মজিবুর রহমান ও মোরশেদ আলী । র‌্যাব কর্মকর্তা মেজর কামাল আরও জানান, আটকের সময় তারা সাদা পোশাকে ছিল। বিডিনিউজ২৪ডটকম/এসএম/এএল/এসকে/এমএইচবি/১৭৪৩ ঘ.