সাভার, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ ২৪ ডটকম) - সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বৃহস্পতিবার রাতে বাস ও অন্যান্য যানবাহন তল্লাশি করে ৬০ বিডিআর সদস্যকে আটক করা হয়েছে। রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় পালানোর সময় সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত এদের আটক করা হয় বলে র্যাব কর্মকর্তারা জানান।
আটক বিডিআর জওয়ানরা বর্তমানে সাভারের র্যাব-৪ এর হেফাজতে আছেন।
বুধবার পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিডিআর জওয়ানরা বিদ্রোহ করেন। বিদ্রোহের ঘটনায় বেশ কয়েকজন সেনা কর্মকর্তা ও বেসামরিক লোক হতাহত হন। বৃহস্পতির সন্ধ্যার দিকে বিডিআর সদর দপ্তরের নিয়ন্ত্রণ নেয় পুলিশ। বিকেলে সদর দপ্তরের দেয়াল টপকে পালানোর সময় ১৬ জন বিডিআর জওয়ান র্যাব-পুলিশের হাতে ধরা পড়েন।
সাভারের র্যাব-৪ এর কর্মকর্তা আরিফুল ইসলাম বিডিআর জওয়ানদের আটকের সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, ঢাকা-আরিচা মহাসড়কে চেকপোষ্ট বসিয়ে বাসসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। রাতভর তল্লাশি অভিযান চলবে। তবে আটক এ বিডিআর সদস্যদের কোথায় কার কাছে হস্তান্তর করা হবে সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানাননি তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, বিকেলের পর থেকেই গাবতলীসহ বিভিন্ন বাস টার্মিনালে কড়া নজরদারি শুরু করেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট। এসব চেকপোস্টে সব ধরনের যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। বিশেষ করে কড়া তল্লাশি চলছে উত্তর ও দক্ষিণাঞ্চলগামী দূর-পাল্লার বিভিন্ন যানবাহনে।
র্যাব হেফাজতে থাকা একাধিক বিডিআর সদস্য জানান, ক্ষমা ঘোষণার পরও বিচারের মুখোমুখি হওয়ার আশঙ্কায় তারা অস্ত্রসমর্পণ করে সাধারণ পোশাকে কোনো রকমে পিলখানার বিডিআর সদর দপ্তর থেকে পালাতে সক্ষম হন।
তল্লাশি অভিযানে সেনা সদস্যদের উপস্থিতি ছিল বলেও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। সাভার সেনানিবাসের সামনে নবীনগর চেকপোস্টে তল্লাশি চালানোর সময় সেনা কর্মকর্তাদের উপস্থিত থাকার বিষয়টি স্বীকার করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন র্যাব সদস্য।
তিনি জানান, ওই চেকপোস্টে সেনা কর্মকর্তারা তল্লাশি প্রক্রিয়া প্রত্যক্ষ করেছিলেন মাত্র।
অভিযানে অংশ নেওয়া একজন র্যাব কর্মকর্তা জানান, যাত্রীদের মধ্য থেকে দৈহিক গড়ন, মাথার চুল ও চেহারা দেখে প্রাথমিকভাবে বিডিআর সদস্যদের সনাক্ত করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা নিজেদের বিডিআর সদস্য বলে স্বীকার করেন।
বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩৩৭ ঘ.
bdnews24